শৈশব নিয়ে স্মৃতিকাতর শাহরুখ
আমার যতদূর মনে হয় আমার পরিবারই আমার দুর্বলতা... এটাই সবার ক্ষেত্রে নয় কি?- শাহরুখ খান
দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে সোনু নিগমের কণ্ঠে ‘ডানকি’ সিনেমার দ্বিতীয় গান ‘নিকলে থে কভি হাম ঘরসে’। গানটিকে ‘ডানকি’র অন্যান্য গানের মধ্য তার সবচেয়ে প্রিয় গান বলে দাবি করেছেন শাহরুখ। এবার গানটির প্রতি নিজের আবেগ প্রকাশ করলেন ‘বাদশা’।
হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে, সম্প্রতি 'আস্ক এসআরকে’ সেশনে ‘নিকলে থে কভি হাম ঘরসে’ গানের প্রসঙ্গ উঠে এলে আবেগপ্রবণ হয়ে পড়েন কিং খান।
শাহরুখের উদ্দেশ্যে এক ভক্ত লেখেন, “আপনি এই গানটি দিয়ে আমাদের ভীষণভাবে আবেগপ্রবণ করে তুলেছেন। আপনার মানসিক দুর্বলতা কী?”
জবাবে নায়ক লেখেন, “আমার যতদূর মনে হয় আমার পরিবারই আমার দুর্বলতা... এটাই সবার ক্ষেত্রে নয় কি?”
আরও একজন লেখেন, “স্যার, এই গানটি আমাকে বাড়ির কথা মনে করিয়ে দিয়েছে। আপনি প্রথম যখন এটা শুনেছিলেন তখন কি একই অনুভূতি হয়েছিল?”
উত্তরে ‘বাদশা’ লেখেন, “হ্যাঁ, সত্যিই তাই, এটা আমাকে আমার বাবা-মা, আমার দিল্লির সেই পুরনো দিন, বন্ধুবান্ধব এবং সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া সম্পর্কে ভাবতে মনে করিয়ে দেয়। খুব আবেগপ্রবণ করে তোলে।”
এক অনুরাগী বাদশাকে তার বাড়ি, পরিবার নিয়ে কিছু কথা শেয়ার করতে বলেন।
উত্তরে শাহরুখ লেখেন, “যেখানে হৃদয় জুড়ে আছে, সেটাই হল ঘর, যেখানে হৃদয় জুড়ে নেই, সেটা কীভাবে ঘর হবে?”
কেউ আবার তাকে তার শৈশব নিয়ে কিছু কথা বলার অনুরোধ করেন।
এমন কথায় মজা করে শাহরুখ লেখেন, “আমি এখনও শিশু। আমারও একটা সুন্দর শৈশব ছিল, এবং আমি আমার বাবা-মাকে ভীষণ মিস করি।”
২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ডানকি’।
