টেইলর সুইফটের মুকুটে আরেকটি পালক
এক আসরে ছয়টি পুরস্কার জিতলেন এই সংগীত শিল্পী।
দারুণ এক সময় যাচ্ছে টেইলর সুইফটের; নতুন অ্যালবামের রেকর্ড গড়া সাফল্যের পর এবার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে বর্ষসেরা সংগীত শিল্পীর খেতাব পেলেন তিনি।
রোববার লস এঞ্জেলেসে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয় জানিয়ে সিএনএন এক প্রতিবেদনে বলেছে, এই আসরে যে ছয়টি বিভাগে মনোনীত হয়েছিলেন সুইফট, তার প্রত্যেকটিতেই জয়ী হয়েছেন তিনি।
আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে ৪০টি পুরস্কার জয়ী সুইফটকে এই আসরের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী সংগীত শিল্পী হিসেবে দেখা হচ্ছে এখন।
এবার ফেভারিট পপ আর্টিস্ট, ফেভারিট পপ অ্যালবাম, ফেভারিট ফিমেল পপ আর্টিস্ট, কান্ট্রি অ্যালবাম অফ দ্য ইয়ার, ফেভারিট মিউজিক ভিডিও এবং ফেভারিট ফিমেল কান্ট্রি আর্টিস্ট ক্যাটাগরিতে পুরস্কার জেতেন এই আমেরিকান গায়িকা।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সিঙ্গেলস চার্ট বা জনপ্রিয় একক সঙ্গীতের তালিকার শীর্ষ ১০টি গানের সবক’টিই ছিল টেইলর সুইফটের গাওয়া গান। ইতিহাসে প্রথম শিল্পী হিসেবে এই কীর্তি গড়েন তিনি।
আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে গায়ক হ্যারি স্টাইলস সেরা পুরুষ গায়কেরটিসহ দুটি পুরস্কার জিতেছেন। বিটিএস চতুর্থবারের মতো ফেভারিট পপ গ্রুপের পুরস্কার জিতেছে।
ওয়েন ব্র্যাডির উপস্থাপনায় এবং ডিক ক্লার্ক প্রোডাকশন ও এবিসির প্রযোজনায় আয়োজিত হয়েছে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২। ভক্তদের ভোটের মাধ্যমে বছরের সেরা শিল্পী নির্বাচিত করা হয়।
