২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে ফিরেই পাঠানকে ইঙ্গিত করে কঙ্গনার তোপ

দেড় বছর পর টুইটারে ফিরলেন এই বলিউড তারকা।

টুইটারে ফিরেই পাঠানকে ইঙ্গিত করে কঙ্গনার তোপ

কঙ্গনা রানাউত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2023, 10:43 PM

Updated : 26 Jan 2023, 10:43 PM

নিয়ম ভঙ্গের জন্য টুইটারে নিষিদ্ধ ছিলেন কঙ্গনা রানাউত, দেড় বছর পর সেই নিষেধাজ্ঞার অবসান হয়েছে, আর ফিরেই শাহরুখ খানের নতুন সিনেমা পাঠানকে কটাক্ষ করলেন এই বলিউড অভিনেত্রী।

মঙ্গলবারই টুইটারে ফেরেন কঙ্গনা, ২০২১ সালের মে মাসের পর প্রথম টুইটে সবাইকে ‘হ্যালো’ বলে জানান, তিনি আবার ফিরেছেন এই প্ল্যাটফর্মে।

পরদিন বুধবারই এক টুইটে পাঠানকে ইঙ্গিত করে তোপ দাগেন ‘গ্যাংস্টার’ অভিনেত্রী। এদিনই শাহরুখ খানের পাঠান মুক্তি পায়। আর সিনেমাটি বক্স অফিসে আগের সব রেকর্ড ভেঙে দেওয়ার আলোচনাও চলতে থাকে।

সেই আলোচনার মধ্যেই কঙ্গনা লেখেন, “মূর্খের ইন্ডাস্ট্রিতে বাস করছি!

“ফিল্ম ইন্ডাস্ট্রি এতটাই নোংরা আর অসভ্য যে যখনই তারা কোনো সাফল্য বিচার করতে যায়, তখনই আপনার মুখে তারা অর্থের ঝনঝনানি ছুড়ে দেয়, যেন শিল্প সৃষ্টির আর কোনো উদ্দেশ্যই নেই। হতাশার আর নিচু মানের জীবনযাপনেই যে তারা আছে, সেটাই ফুটে ওঠে এর মধ্য দিয়ে।”

পুরনো খবর:

পাঠান ঝড়ে ভাঙল সব রেকর্ড

তিনি আরও লিখেছেন, “অন্যান্য শিল্পের মতো চলচ্চিত্র কেবল অর্থ উপার্জনের উদ্দেশ্যে নির্মিত হয় না। যে কারণে শিল্পীদের পূজা করা হয়, টাকাওয়ালাদের নয়।”

Image

‘ইমার্জেন্সি’ সিনেমায় ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমর্থক হিসেবে পরিচিত কঙ্গনা ‘ঘৃণা ছড়িয়ে’ টুইটারের নিয়ম ভঙ্গ করায় ২০২১ সালে তার একাউন্টটি নিষিদ্ধ করা হয়েছিল।

অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী টুইটারের এ আচরণকে ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যায়িত করেছিলেন।

পুরনো খবর:

টুইটারে নিষিদ্ধ কঙ্গনা

এখন ফেরার পর নিজের নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’র সর্বশেষ খবর টুইটারে দিয়েছেন এই অভিনেত্রী। এক টুইটে তিনি লিখেছেন, সিনেমাটির শুটিং শেষ। আগামী ২০ অক্টোবরেই মুক্তি পাবে।

কংগ্রেস জমানায় গত শতকের ৭০ এর দশকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে জরুরি অবস্থা জারি করেছিলেন, তা নিয়েই সিনেমাটি বানিয়েছেন বিজেপি সমর্থক কঙ্গনা। সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনীও লিখেছেন তিনি। ইন্দিরা গান্ধীর ভূমিকাও তিনিই নিয়েছেন।