‘প্রস্তুত ২২ হল, চল দামালের দল’
২২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই সিনেমা।
দেশের ২২টি সিনেমা হলে শুক্রবার মুক্তি পাচ্ছে রায়হান রাফি পরিচালিত সিনেমা দামাল।
স্বাধীন বাংলা ফুটবল দলের মুক্তিযুদ্ধে অবদানের গল্পের ছায়া অবলম্বনে নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা, বৃষ্টি প্রমুখ।
ছবিটির মুক্তি উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন নির্মাতা ও কলাকুশলীরা। ফুটবল মাঠ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দৌড়াচ্ছেন তারা। আর সব খবরই দিচ্ছেন সোশাল মিডিয়ায়।
বুধবার নির্মাতা রায়হান রাফি ফেইসবুকে অগ্রীম টিকেট বিক্রির লিংক শেয়ার দিয়ে লেখেন, “রেডি আছে হল, চল দামাল-এর দল।”
দামালের টিকেট নিয়ে ‘উন্মাদনার’ খবর দিয়ে বৃহস্পতিবার বিকালে লেখেন, “দামালের টিকিট নিয়ে উন্মাদনা তুঙ্গে! এমনটাই তো দেখতে চেয়েছিলাম আমরা। বাংলা চলচ্চিত্রের জয়জয়কার। দ্রুত সংগ্রহ করুন আপনার অগ্রিম টিকিট। কারণ দামাল আসছে হলে। পরিবার নিয়ে দেখুন দেশের গল্প, স্বাধীনতার গল্প, দামালের গল্প!”
তিনি জানান, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে শুক্রবার সকাল ও দুপুরের শোয়ের টিকেট ‘প্রায় সোল্ডআউট’। প্রথম দিককার কয়েকটি শোয়ের টিকেট বিক্রি শেষের দিকে নারায়ণগঞ্জ, সিলেটসহ বেশ কিছু সিনেমা হলে।
চিত্রনায়ক সিয়াম আহমেদ দামালের হললিস্ট পোস্ট করে লিখেছেন, “চলে এল দামালের হল লিস্ট! এখনই প্ল্যান করে ফেলুন সপরিবারে দামাল দেখার। হলে হলে দামাল চলে, দামাল দেখুন দলেবলে। ২৮ তারিখ থেকে একযোগে সারাদেশে চলবে দামাল।”
ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এস কে এস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (সামরিক জাদুঘর), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) লায়ন সিনেমাস (জিঞ্জিরা), মধুমিতা (ঢাকা), শ্যামলী সিনেমা (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার ক্যান্টমেন্ট) এ চলবে দামাল।
এছাড়া ঢাকার বাইরে মনিহার (যশোর), গ্রান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া),সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবানী (ময়মনসিংহ), শাপলা সিনেমা (রংপুর), সুগন্ধ্যা (চট্টগ্রাম), শঙ (খুলনা), লিবার্টি সিনেমা (খুলনা), (সিনেস্কোপ (নারায়নগঞ্জ), মম-ইন (বগুড়া), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ)-এ চলবে সিনেমাটি।
ফরিদুর রেজা সাগরের গল্পে দামালের চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন থ্রিলার লেখক নাজিম উদ দৌলা এবং পরিচালক রায়হান রাফী। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
নীলফামারীর সৈয়দপুর ও রংপুর জেলার বিভিন্ন জায়গায় এই সিনেমার শুটিং হয়েছে।
