২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুখার্জি’ বাড়ির ষষ্ঠীতে কাঁসর ঘণ্টা বাজালেন কাজল

বছরের এই পাঁচটি দিন এই বাড়ির বউ ও মেয়ে তনুজা-কাজল-রানিদের নিয়ে পরিবারের বাকিরা মেতে ওঠেন আনন্দে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2023, 01:43 PM

Updated : 21 Oct 2023, 01:59 PM

মুম্বাইয়ের জুহুতে মুখার্জি বাড়ির সদ্যসদের প্রতিবছর এক ছাদের নিচে নিয়ে আসে দুর্গোৎসব। সেই উৎসবে আলো ছড়ান বাড়ির তারকা মেয়ে-বউরা। এবারের দুর্গাপূজার ষষ্ঠীর দিনই সেই পূজায় আসেন মুখার্জি বাড়ির মেয়ে বলিউডি নায়িকা কাজল।

বছরের এই পাঁচটি দিন এই বাড়ির বউ ও মেয়ে তনুজা-কাজল-রানিদের নিয়ে পরিবারের বাকিরা মেতে ওঠেন আনন্দে। কাজলের চাচা দেব মুখার্জির তত্ত্বাবধানেই কয়েক বছর ধরে পারিবারিক এই পূজার আয়োজন হচ্ছে।

হিন্দুস্তান টাইমস বলছে, ষষ্ঠীতে এসে পূজা দিয়েছেন কাজল, বাজিয়েছেন কাঁসর ঘণ্টাও। চাচাত বোন শর্বানী মুখার্জির সঙ্গে খুনসুটিতে হাস্যোজ্জ্বল ছিলেন তিনি।

মুখার্জিদের পূজার মূল আকর্ষণ দুই চাচাত বোন নায়িকা রানি মুখার্জি ও কাজলের যুগল ছবি। মুম্বাইয়ের নানা অনুষ্ঠানে তাদের দেখা হোক বা না হোক, জুহুতে এই বাড়ির পূজায় দুই বোনের দেখা হয়। পূজায় আসেন কাজলের মা একসময়ের বাংলা ও হিন্দি সিনেমার নায়িকা তনুজাও।

এই পূজা কেবল পরিবারের সদস্যদের নিয়েও সীমাবন্ধ থাকে না। হিন্দি ফিল্মের অনেকে, বিশেষ করে অমিতাভ-জয়া বচ্চন পরিবারের কেউ না কেউ আসেন মুখার্জিদের পূজায়।

কাজলের কাছে ষষ্ঠীর দিন সাংবাদিকদের প্রশ্ন ছিল, রানি আসছেন কোনদিন, সেদিন কাজলও থাকবেন কীনা।  তবে সে প্রশ্নের উত্তর না দিলেও আলোকচিত্রীদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন 'বাজিগর' নায়িকা।

ক্যারিয়ারে ৩১ বছর পাড়ি দেওয়া কাজল বড় পর্দার চেয়েও এখন ব্যস্ত ওটিটি প্ল্যাটফর্মে। কিছুদিন আগে নেটফ্লিক্সে মুক্তি পায় কাজলের ‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমা। ২০১৮ সালে এ সিনেমার প্রথম পর্বে অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হয়েছিলেন কাজল।

এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম হটস্টারে জুলাইয়ে সে ‘দ্য ট্রায়াল’। সেখানে আইনজীবীর চরিত্র করেছেন তিনি। আগামীতে অভিনেতা অজয় দেবগণ ঘরনীকে দেখা যাবে ‘দো পাত্তি’ সিনেমায়।