দীপিকা কাতারে
বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন এই বলিউড তারকা।
পাঠানের গান নিয়ে স্বদেশে আলোচনা-সমালোচনার মধ্যে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে আলো ছড়াতে কাতারে উড়ে গেলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। ভারতীয় হিসেবে তিনিই প্রথম ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ এর ট্রফি উন্মোচন করবেন।
দোহার লুসাইল স্টেডিয়ামে রোববার রাতে বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে আর্জেন্টিনা ও ফ্রান্স। তার অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ভারত থেকে রওনা হন দীপিকা।
স্বামী রণবীর সিং তাকে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আলোকচিত্রীদের ক্যামেরা খুঁজে নেয় দীপিকাকে। পরনে খাকি কোট-প্যান্ট, ভিতরে সাদা টপ পরা দীপিকা ছিলেন সপ্রতিভ।
সোশাল মিডিয়ায় ছড়ানো ভিডিওতে তারকা অভিনেতা রণবীরের উপস্থিত্ও ধরা পড়ে। গাঢ় নীল রঙের গাড়ি থেকে নেমেই আলোকচিত্রীদের ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। হাসি মুখে করেছেন বাক্যালাপ।
বিমানবন্দরের গেটের দিকে হেঁটে যাওয়ার সময় একজন আলোকচিত্রী ‘বেশরাম রং’ গানটির প্রশংসা বাক্য ছুড়ে দেন অভিনেত্রীর দিকে। অন্য একজন বলে ওঠেন- ‘মেসির সঙ্গে সেলফি তুলে আমাদের পাঠাবেন ম্যাম!’ দীপিকা হাসিমুখে বলেন, “ঠিক আছে, বলব”।
কিছুদিন আগে ইউটিউবে ‘পাঠান’ সিনেমার প্রথম গান ‘বেশরম রঙ’ প্রকাশ পাবার পর থেকে তা নিয়ে চলছে তুমুল আলোচনা। গানের দৃশ্যে স্বল্পবসনা দীপিকাকে দেখে সিনেমাটি নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছেন ইন্দোরের কট্টর হিন্দুত্ববাদীরা। ‘বীর শিবাজি গ্রুপ’র কর্মীরা রাস্তায় জড়ো হয়ে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের কুশপুতুলও পুড়িয়েছে।
এদিকে মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র গানে দীপিকার পোশাক নিয়ে আপত্তি জানিয়ে সিনেমার দৃশ্য সংশোধনের আহ্বান জানান। সিনেমার দৃশ্য ‘সংশোধন’ করা না হলে মধ্যপ্রদেশে সিনেমাটি মুক্তির অনুমতি দেওয়া হবে কি না, তা বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
আগামী জানুয়ারিতে আসছে শাহরুখ-দীপিকার সিনেমা ‘পাঠান’। দীপিকা এখন শুটিং করছেন ‘ফাইটার’ সিনেমায়, এই সিনেমায় তিনি প্রথম জুটি বেঁধেছেন হৃত্বিক রোশানের সঙ্গে। এছাড়া শাহরুখ খানের ‘জওয়ান’ এবং স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ‘সার্কাস’ ছবিতেও আসছেন দীপিকা।
