হিরো আলম টাকার কাছে 'বিক্রি হয়নি’, থাকছেন ভোটে
“আমি প্রতিবারই চ্যালেঞ্জ করে বলি, আমার প্রার্থিতা সঠিক আছে; এজন্য প্রার্থিতা ফিরে পাই।"
দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। কেন ভোট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কেনইবা ভোটে থাকছেন- সেসব প্রশ্নের ব্যাখ্যাও দিয়েছেন তিনি।
এবারের ভোটকে পাতানো বর্ণনা করে হিরো বলেছেন, “আমরা মনে করেছিলাম এবার সুষ্ঠু একটা নির্বাচন হবে। সরকার অন্তত ১০০ আসন আমাদেরকে ছেড়ে দেবে, এটা আশা করেছিলাম…আমরা মনে করেছিলাম, একটা গ্রহণযোগ্য নির্বাচন সরকার দেখাবে।
“৩০০ আসনে আপনারা দেখেন, আওয়ামী লীগ প্রার্থী দিয়েছে-আবার তারা স্বতন্ত্র প্রার্থীও দিয়েছে। ১৪ দলে যারা আছে, তারাও সেখানে অংশগ্রহণ করেছে। এই সাজানো নির্বাচন না করে ৩০০ আসনই তারা ভাগ করে নিলে ভালো হয়। তাহলে নির্বাচন করে দেশের জনগণের যে ২/৪ হাজার কোটি টাকা খরচ হবে, সেটা আর নষ্ট হবে না।"
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে 'বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ' আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন হিরো আলম। পরে মিলনায়তনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।
নিজেকে ‘প্রতিবাদের প্রতীক’ আখ্যা দিয়ে হিরো আলম বলেন, “কেউ কেউ বলছেন, আমি নাকি মামলার ভয়ে, টাকা খেয়ে নির্বাচন করছি না। এই কথার কারণে আমাকে নির্বাচনের মাঠে থাকতে হচ্ছে, হিরো আলম টাকার কাছে বিক্রি হয়নি।"
ক্ষমতাসীনদের প্রতি প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, “৩০০ আসনের মধ্যে দলীয় প্রার্থীও আপনারা নিলেন, স্বতন্ত্র প্রার্থীও আপনারা নিলেন; আমরা যারা আমজনতা আছি, আমাদের আসন কোথায়? এটা আপনারা আমাদেরকে বলবেন।"
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে প্রার্থিতা বাতিল এবং আপিলে প্রার্থিতা ফিরে পাওয়াসহ নানা ঘটনার পর গত বুধবার ভোট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন হিরো আলম।
বাংলাদেশ কংগ্রেস মনোনীত এই প্রার্থী সেদিন বলছিলেন, আগামী ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার করতে চলেছেন তিনি এবং সেদিনই সংবাদমাধ্যমের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত বলবেন।
তবে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন রোববার তিনি বলেন, “আমি প্রার্থিতা উইথড্র (প্রত্যাহার) করব না। আপনারা বলবেন কেন? আপনারাই হিরো আলমকে হিরো বানিয়েছেন এবং আপনারাই আবার হিরো আলমকে জিরো বানিয়ে বলেছেন হিরো আলম টাকা খেয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছে।
“মার খাওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে যাচ্ছে। কিন্তু না। আমি এর আগেও নির্বাচন করেছি।"
হিরো আলম ২০১৮ সালের সাধারণ নির্বাচন এবং এ বছরের শুরুতে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেন। সবশেষ তিনি অংশ নেন ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে।
সংসদ সদস্য হিসেবে তিনবার নির্বাচন করার অভিজ্ঞতা তুলে ধরে হিরো আলম বলেন, “আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এটা আমার চতুর্থবার নির্বাচন করা। এর আগে নির্বাচনে আমি হামলার শিকার হয়েছি। প্রতিবারই আমার প্রার্থিতা বাতিল করে, আপনারা জানেন।
“প্রতিবারই আমার প্রার্থিতা কেন বাতিল করা হয়, আর কেনইবা ফিরিয়ে দেয়া হয়? এটা তারা ভালো জানেন।"
বগুড়া-৪ আসনের এ প্রার্থী বলেন, “সবাই বলে আমি নাকি ভাইরাল হওয়ার জন্য প্রার্থিতা বাতিল করি। আমি ভাইরাল হওয়ার জন্য প্রার্থিতা বাতিল করি, নাকি নির্বাচন কমিশনার নির্বাচনকে আলোচনায় রাখার জন্য আমার প্রার্থিতা বাতিল করে, এটা তারা ভালো জানে।
“আমি প্রতিবারই চ্যালেঞ্জ করে বলি, আমার প্রার্থিতা সঠিক আছে। এজন্য প্রার্থিতা ফিরে পাই।"
বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যন মো. আব্দুর রহিম এক প্রশ্নের জবাবে বলেন, হিরো আলমের মন্তব্য তার ‘ব্যক্তিগত’। ৩০০ আসনেই সকল স্বতন্ত্র প্রার্থীকে এই নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছেন তারা।
