২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবে কি মাইকেল জ্যাকসনের মেয়ে-বোনের বিবাদ মিটল?

প্যারিস ফ্যাশন উইকে জ্যানেট ও প্যারিস জ্যাকসনকে একসঙ্গে দেখা গিয়েছিল।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 12:50 AM

Updated : 10 Oct 2022, 12:53 AM

২০১২ সালের বিরোধের পর মাইকেল জাকসনের মেয়ে প্যারিস জ্যাকসনকে ফুপু জ্যানেট জ্যাকসনের সঙ্গে আবার দেখা গেল।

আর তা দুজনের বিরোধ মেটার ইঙ্গিত হিসেবেই দেখছে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো।

গত সপ্তাহে প্যারিস ফ্যাশন উইকে জ্যানেট ও প্যারিস জ্যাকসনকে একসঙ্গে দেখা গিয়েছিল।

পপ তারকা জ্যানেট জ্যাকসন তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাইঝি প্যারিস জ্যাকসনের সঙ্গে সোফায় বসে থাকা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আমার সুন্দর ভাইঝি। তোমার সাথে খুব ভালো লাগছে।”

পোস্টটির পরপরই তাদের অনুরাগীরা মন্তব্য বক্সে প্রতিক্রিয়া জানাতে শুরু করে। তাদের একজন লিখেছেন “আপনারা সব ঠিক করে নিয়েছেন, সেটা সত্যিই আনন্দের।”

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর নাজুক পরিস্থিতিতে জ্যানেট ও প্যারিস জ্যাকসনের সম্পর্কের অবনতি হয়েছিল। ২০০৯ সালে জ্যাকসন মারা গিয়েছিলেন। এর চার বছর পর তার উইল নিয়ে বিবাদটি বাঁধে।

যদিও প্যারিস মিডিয়াকে স্পষ্ট করে নিষেধ করেছিলেন, এ নিয়ে মনগড়া কোনো তথ্য প্রচার না করতে। তিনি বলেছিলেন, “কীভাবে আমি আমার সম্পর্কগুলোকে নিয়ন্ত্রণ করবো, বিশেষ করে আমার পরিবারের সাথে তা নিয়ে কেউ কিছু বলতে আসবেন না আমাকে। প্রতিটি পরিবারেরই কিছু একান্ত আঘাত, বেদনা, বিচ্ছেদ, ভালবাসা, একতার মুহূর্ত থাকে। আমাদের পারিবারিক বিষয়গুলো যদিও মিডিয়া খুব ঘটা করে প্রচার করে, এর মানে কিন্তু এই নয় যে আপনার থেকে আমাদের পারিবারিক সমস্যাগুলো খুব আলাদা।”

জ্যাকসনকন্যা কখনোই প্রচারের আলোয় আসতে চাননি।

সেলিব্রেটিদের নিয়ে অহেতুক মাতামাতি অনেক ক্ষেত্রে তাদের মানসিকভাবে বির্পযস্ত করে তুলতে পারে। তার ক্ষেত্রেও তেমনটি ঘটেছে।

২০১৭ সালে রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যারস বলেছিলেন, “আমি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছি।

“আমার মনে হয়েছিল, আর কিছুই করতে পারব না আমি, নিজেকে বেঁচে থাকার যোগ্য মনে হয়নি তখন। এমন অনেক কিছুই করছিলাম সেসময়, যা ১৩-১৫ বছর বয়সী কোনো শিশুর করার কথা না। সেই ধরনের মানুষও আমি ছিলাম না। খুব দ্রুত বড় হওয়ার চেষ্টা করেছি আমি।”