ছেলের বিয়েতে একটা করে লাড্ডু, কটাক্ষের মুখে সানি
ছেলের মেহেদী উৎসবেও সাজপোশাকের জন্য আক্রামণের মুখে পড়েছিলেন অভিনেতা।
ছেলে করণের বিয়ের লাড্ডু একটা করে আলোকচিত্রীদের দিয়ে কটাক্ষের মুখে পড়েছেন বলিউড অভিনেতা সানি দেওল।
আনন্দবাজার জানিয়েছে, সম্প্রতি ছেলের বিয়ে শেষে সানি দেওলের লাড্ডু বিতরণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনা জর্জরিত হয়েছেন অভিনেতা।
রোববার মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলে জাঁকজমক আয়োজনে বিয়ে হয়েছে সানিপুত্র করণের। ছোটবেলার বান্ধবী দৃশা আচার্যকে বিয়ে করেছেন তিনি।
বিয়ে শেষ হওয়ার পর লাড্ডুর থালা হাতে ছোট ছেলে রাজবীরকে নিয়ে বেরিয়ে আসেন সানি এবং বাইরে দাঁড়িয়ে থাকা আলোকচিত্রীদের একটা করে লাড্ডু দেন। তাতেই কটাক্ষের শিকার হতে হয় অভিনেতাকে।
অভিনেতার এমন আচরণে নেটিজেনদের অনেকেই হতাশ হয়েছেন। কেউ বলেছেন, একটা করে মিষ্টির বাক্সই না হয় দিতেন।
অন্য একজন বলেন, ‘‘বড্ড কমে সেরে ফেললেন সানিভাই।’’
আরেকজন তো বলেই বসলেন, ‘‘এই লোকগুলো সারাদিন বাইরে দাঁড়িয়ে থেকে আপনাদের মতো মানুষদের অনুষ্ঠান কভার করেন, একটু উদার হন আপনারা।’’
এই শেষ নয়, ছেলের মেহেদী উৎসবেও সাজপোশাকের জন্য আক্রামণের মুখে পড়েছিলেন অভিনেতা। কারণ সানি তার আসন্ন সিনেমা ‘গদর ২’ এর চরিত্র তারা সিংহের পোশাকে আলোকচিত্রীদের সামনে পোজ দিয়েছিলেন। অভিনেতার পোশাক দেখে অনেকেই ভেবে নিয়েছিলেন; ছেলের বিয়েতেও সিনেমার প্রচার করছেন তিনি।
সমালোচনার মধ্যেও করণের বিয়েতে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ, সালমান খান, আমির খানসহ বলিউডের নামজাদা সব তারকা।
