১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রিয়তমা: ‘কোরবানি কোরবানি’ গানে ‘বৃদ্ধ’ শাকিব উধাও

গানটি দেখে সোশ্যাল মিডিয়ায় হাজারো মন্তব্য এসেছে, ভক্ত-অনুরাগীরা গান শেয়ারও করছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2023, 01:21 PM

Updated : 25 Jun 2023, 01:22 PM

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের ঈদের সিনেমা ‘প্রিয়তমা’র প্রথম গান প্রকাশ হয়েছে সোশাল মিডিয়ায়। ‘কোরবানি কোরবানি’ শিরোনামের এ গানের কথা ও দৃশ্যায়নে উৎসবের আমেজ ফুটে উঠেছে, তবে গানে এ সিনেমায় শাকিবের আলোচিত ‘বৃদ্ধ’ লুক পাওয়া যায়নি।

শাকিবের ফেইসবুক পেইজ এবং এসকে ফিল্মসের ইউটিউব প্ল্যাটফর্মে শনিবার সন্ধ্যায় গানটি প্রকাশিত হয়।

শাকিবের ‘আলোচনায়’ থাকা এ সিনেমার গানটি দেখে সোশাল মিডিয়ায় হাজারো মন্তব্য এসেছে, গান শেয়ারও করছেন নায়কের ভক্ত-অনুরাগীরা।

গানের কথা লিখেছেন কলকাতার সুরকার ও গায়ক আকাশ সেন; সুর করার পাশাপাশি গানটি গেয়েছেনও তিনি।

২০১৭ সালে শাকিবকে নিয়ে ‘প্রিয়তমা’ করার ঘোষণা দিয়েছিলেন এ সিনেমার পরিচালক হিমেল আশরাফ। পরে কাজ আর আগায়নি, কোনো আলোচনাও তখন শোনা যায়নি। চলতি বছর চিত্রনায়ক ওমর সানী ‘প্রিয়তমা’ নিয়ে ফেইসবুকে একটি পোস্ট দিয়ে নতুন করে সিনেমার খবর সামনে আনেন।

এরপর জানা যায়, ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে কোরবানির ঈদে। সেখানে শাকিবের নায়িকা কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ইধিকা এর আগে কলকাতায় টেলিভিশন সিরিয়াল ছাড়াও একটি সিনেমায় অভিনয় করেছেন।

গত সপ্তাহে ‘প্রিয়তমা’র ৩০ সেকেন্ডের একটি ভিডিও এবং পরে এক বৃদ্ধের বেশে শাকিবের ছবি প্রকাশ হলে হইচই বেঁধে যায়।

ভিডিওতে শাকিবের দেখা মেলে স্টাইলিশ লুকে। চোখে সানগ্লাস এঁটে, নাকে-মুখে কাপড় বেঁধে, টি-শার্টের উপরে জিনসের জ্যাকেট চাপিয়ে শাকিব এগিয়ে চলেছেন বাতাস ঠেলে। আর বাতাসে উড়ছে নায়কের লম্বা চুল।

ভিডিওর ঠিক ২৫ সেকেন্ডের মাথায় কোনো একজনের দিকে চাকু ছুড়ে মারেন নায়ক, সঙ্গে সঙ্গে শেষ হয় ভিডিও।

আর সাদা পাকা লম্বা চুল-দাড়ি এবং চোখে-মুখে স্পষ্ট বার্ধক্যের ছাপ নিয়ে নতুন লুকে নায়ক শাকিবের ছবি চমক তৈরি করে।

এই নায়কের ‘বৃদ্ধ’ চেহারার প্রশংসা করেছেন অভিনেতা আলমগীর এবং তার সহধর্মিনী কিংবদন্তী সংগীত শিল্পী রুনা লায়লা। এছাড়া শাকিবের ‘মেকআপ’ নিয়েও সোশ্যাল মিডিয়ায় আসে অঢেল প্রশংসা। 

‘প্রিয়তমা’ সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন। আর তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নির্মাতা হিমেল আশরাফ।

আরশাদ আদনান প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াতসহ অনেকে।

আরও পড়ুন

পুরানো খবর:

‘বৃদ্ধ’ শাকিবে আলমগীর-রুনার মুগ্ধতা

পুরানো খবর:

সাদা দাড়ি, লম্বা চুল, শাকিব খানের এই কী রূপ!

পুরানো খবর:

শাকিব কাকে চাকু মারলেন?

পুরানো খবর:

শাকিব নন, ইধিকার প্রথম নায়ক তবে কে?

পুরানো খবর:

‘প্রিয়তমা’ নিয়ে ওমর সানীর পোস্ট, অঞ্জনার ক্ষোভ

পুরানো খবর:

শাকিবের ‘প্রিয়তমা’ হবেন কে?