অনুমতি ছাড়া গান প্রচার, শাফিন আহমেদের মামলা
মামলাটি হয়েছে কপিরাইট আইনে।
অনুমতি ছাড়া শতাধিক গান প্রচার করার অভিযোগে ডিজিটাল কনটেন্ট পরিবেশক কোম্পানি কাইনেটিক নেটওয়ার্ক লিমিটেডের এমডি এবং এক পরিচালকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করেছেন ব্যান্ডদল মাইলসের শিল্পী মো. শাফিন আহমেদ।
মামলায় আসামিরা হলেন- কাইনেটিক নেটওয়ার্ক লিমিটেডের এমডি আশিকুন নবী এবং পরিচালক আশিফুন নবী।
সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে এ মামলা করেন শাফিন। তার আর্জি শুনে আগামী ৫ নভেম্বর আসামিদের হাজির হতে সমন জারি করেন বিচারক মো. আসাদুজ্জামান।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, অনুমতি ছাড়া গান প্রচারের অভিযোগে শাফিন কপিরাইট আইনের ৭১/৮২/৯১ ধারায় এ মামলা করেছেন।
মামলার আরজিতে বলা হয়েছে, কণ্ঠশিল্পী শাফিন আহমেদের গাওয়া শতাধিক গান তার অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে কাইনেটিক নেটওয়ার্ক লিমিটেড, যাতে কপিরাইট আইনের লঙ্ঘন হয়েছে।
এ অভিযোগের বিষয়ে কাইনেটিক নেটওয়ার্কের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
এর আগে সংগীত শিল্পী ফারুক মাহফুজ আনাম জেমস ও শাফিন আহমেদের ব্যান্ড ‘মাইলস’ টেলিকম অপারেটর বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনের দুটি মামলা করে পরে তা প্রত্যাহার করে নেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
