চঞ্চল চৌধুরীর চোখ ‘বন্ধক’ রাখা উচিৎ: সৃজিত
“এত বড় মূল্যায়ন!!!” প্রতিক্রিয়া চঞ্চল চৌধুরীর।
তরুণ অভিনয়শিল্পীদের শেখার জন্য চঞ্চল চৌধুরীর চোখ ‘বন্ধক’ রাখা উচিৎ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি।
সম্প্রতি ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘কারাগার’। কারাগার দেখেই এমনটা মনে হয়েছে ‘বাইশে শ্রাবণ’ নির্মাতার।
রোববার বিকালে সৃজিত তার ফেইসবুক আইডিতে ‘কারাগার’ ও ‘হইচইবাংলাদেশ’ হ্যাশট্যাগ দিয়ে চঞ্চল চৌধুরীকে নিয়ে একটি পোস্ট দেন।
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা লেখেন, “পরবর্তী জেনারেশনের অভিনয় শেখার জন্য চঞ্চল চৌধুরীর চোখ অভিনয় ইন্সটিটিউটে বন্ধক রাখা উচিৎ।”
এ পোস্টের কমেন্টে দুই দেশে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, “এত বড় মূল্যায়ন!!! কৃতজ্ঞতা ও ভালোবাসা দাদা।”
শমিতা স্যানাল নামে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ওই পোস্টের কমেন্টে লিখেছেন, “প্রবল সহমত।”
গত ১৭ আগস্ট ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ কারাগারের প্রথম পর্ব। এতে কয়েদির চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। যিনি কিনা বোবা এবং বধির। সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে জানান দেন, নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের খাবারে বিষ মিশিয়ে হত্যা করার অপরাধে প্রায় দুইশ বছর ধরে কারাগারে আছেন।
কারাগার নির্মাণ করেছেন তকদীরখ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি। চঞ্চল চৌধুরী ছাড়াও এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু প্রমুখ।
এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে কারাগারের দ্বিতীয় পর্ব আসবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানিয়েছেন হইচই বাংলাদেশের জনসংযোগ ও বিপণন কর্মকর্তা ফয়সাল মাহবুব।
