২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘অনুপম রাত’

গাইলেন পশ্চিম বাংলার এই শিল্পী; বললেন, “যতবার আসি ঢাকায়, অদ্ভূত ভালোবাসা আমি পাই।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 12:42 AM

Updated : 07 Jul 2023, 12:42 AM

রাত ৮টা ১০ মিনিটে যখন অনুপম রায় এসে মঞ্চে দাঁড়ালেন, মিলনায়তন তখন দর্শকে পূর্ণ, তিল ধারণেরও ঠাঁই নেই। মিলনায়তন ব্যবস্থাপকদের অনেকটা হিমশিম খেতে হচ্ছে উচ্ছ্বসিত দর্শকের উন্মাদনা সামলাতে। দর্শক সারিতে তখন 'অনুপম অনুপম' চিৎকার।

মঞ্চে এসেই অনুপম গাইলেন ‘আমি আজকাল ভালো আছি'। গানটি শেষ করে জনপ্রিয় এই গায়ক বললেন, “যতবার ঢাকায় আসি- সেই উন্মাদনা, সেই চিৎকার। আমরা কি একসঙ্গে বেঁচে থাকার গান করতে পারি?”

বৃহস্পতিবার রা‌তে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ‘ম্যাজিক্যাল নাইট’ কনসার্টে অংশ নেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম। এই আয়োজন করে ট্রিপল টাইম কমিউনিকেশনস।

বুধবার দুপু‌রে ঢাকায় আসেন ‘অনুপম রায় ব্যান্ড' ও ‘তালপাতার সেপাই’র সদস্যরা। কনসার্টে আরও অংশ নেয় ঢাকার অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, মেঘদল ও ‘হাতিরপুল সেশনস’।

এদিন দুপুরে এক পশলা বৃষ্টির পর বিকালেও ছিল মেঘাচ্ছন্ন আকাশ। কিন্তু হাজার দর্শককে থামাতে পারেনি বিরূপ আবহাওয়া, ভিড় জমে অনুপম রায়ের গান শুনতে।

বিকালে কনসার্ট শুরু হয় ঢাকার ‘হাতিরপুল সেশনস’র পরিবেশনার মধ্য দিয়ে। তারা গেয়ে শোনায় ‘উপ', ‘ম‌নোহর', 'আনন্দ দাও', 'তুলনামূলক রোদছায়া', ‘শহ‌রের দুই‌টি গান’।

এরপরই মঞ্চে আসে মেঘদল। ‘এ হাওয়া আমায় নেবে কতদূর’ গেয়ে শেষ হয় তাদের পরিবেশনা।

রাত ৭টা ২০ মিনিটে মঞ্চে আসে কলকাতার ব্যান্ড ‘তালপাতার সেপাই’। সমস্বরে চিৎকারে তাদের মঞ্চে স্বাগত জানায় হাজারো দর্শক-শ্রোতা। দলটির সদস্যরা মঞ্চে গেয়ে শোনায়, ‘ও দয়াল বিচার করো’ গানটি।

এই গানের কথা যেন মুখস্ত গানপ্রেমীদেরও। শিল্পীদের সাথে কণ্ঠ মিলিয়ে উপস্থিত দর্শকও গেয়ে চলে 'আমায় গুণ করেছে, খুন করেছে ও বাঁশি'। তালপাতার সেপাই আরও শোনায় ‘অগোছালো মন’, ‘সোনার কাঠি’, ‘মশাদের চুমু’, ‘আমি শুধু খুঁজেছি আমায়’ গানগুলো।

অনুপম মঞ্চে আসার পরই দর্শক সারি থেকে চিৎকার করে বলে দেওয়া হচ্ছিল তার জনপ্রিয় সব গানের শিরোনাম। কিন্তু অনুপম গান শোনালেন তার মতো করেই।

একে একে গেয়ে শোনান ‘যদি কেড়ে নিতে বলে’, ‘বাড়িয়ে দাও তোমার হাত’, ‘আমার আঙুল হাতে ঠোঁটে তুমি লেগে আছো’ গানগুলো।

‘আমি কি তোমায় খুব বিরক্ত করছি’ গানটি শেষ করে একটু থেমে অনুপম বলেন, “যতবার আসি ঢাকায়, অদ্ভূত ভালোবাসা আমি পাই।” তারপরই গেয়ে উঠেন ‘বন্ধু চল’।

তারপর ‘আমাকে আমার মত থাকতে দাও’ গানটি যখন গাইছিলেন অনুপম, মিলনায়তনে হাজার দর্শকের মুঠোফোনের আলো যেন চাঁদনী রাতের আবহ তৈরি করেছে মিলনায়তনজুড়ে।

এই গানটির মধ্য দিয়েই শেষ হয় অনুপম রায়ের পরিবেশনা। কনসার্টের আগের দিন সংবাদ সম্মেলনেই অনুপম জানিয়ে দিয়েছিলেন, ঢাকায় তিনি হিন্দি গান করতে চান না, বাংলা গানই শোনাতে চান। কনসার্টে তিনি বাংলা গানেই ৪৫ মিনিটের পরিবেশনায় হাজারো দর্শকের মাঝে মুগ্ধতা ছড়িয়ে গেলেন।

কনসার্টের শেষ চমক ছিল অর্ণবের গান। তিনি মঞ্চে এসে কিছুটা সময় নেন মঞ্চকে নিজের মতো করে সাজাতে। এরপরই গেয়ে শোনান 'হারিয়ে গিয়েছি'। পরে 'তোমার জন্য' গানটি অর্ণবের সাথে গেয়ে উঠেন সবাই।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মাঝে মাঝে তব দেখা পাই’ গানটি অর্ণবের কণ্ঠে যেন অন্য মাত্রা পায়। কনসার্টেও এদিন গানটি শোনান অর্ণব। সঙ্গে বাঁশির সঙ্গীতায়োজন যেন মিলনায়তনে অন্যরকম এক আবহ তৈরি করে।

পরে একে একে অর্ণব শোনান ‘সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর’, ‘সে যে বসে আছে একা একা’ গানগুলো।

মহী‌নের ঘোড়াগু‌লি ব্যান্ড‌কে ট্রি‌বিউট ক‌রে ‘ভে‌বে দে‌খেছ কী’ গেয়ে কনসার্টের ই‌তি টানেন অর্ণব।

দর্শক সারিতে পাওয়া যায় ‘টেন মিনিট স্কুল’র আইমান সাদিককে। তিনি গ্লিটজকে বলেন, “এই কনসার্টের জন্য আমি এক মাস ধরে অপেক্ষা করেছি। অর্ণব, অনুপম, তালপাতার সেপাইসহ যে লাইন আপ এই কনসার্টে হয়েছে, সেটি দেখেই মূলত আগ্রহ নিয়ে অপেক্ষা করেছি। কনসার্টে এসে আমি দারুণ মুগ্ধ।”

আইমানের মতোই কনসার্টে এসে মুগ্ধ হন হাজারো তরুণ-তরুণী। তারুণ্যের বাঁধ ভাঙা উচ্ছ্বাস জমিয়ে তুলে পুরো আয়োজন।