১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

‘চিরকুমার-চিকু সংঘ’র বিরুদ্ধে মানববন্ধনে লাভলু-ফারিয়া

‘প্রতিটি মানুষই মনে মনে চিরকুমার, কেউ স্বীকার করে, কেউ করে না. এই দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে চিরকুমারদের সংগঠন ‘চিকু সংঘ’।

‘চিরকুমার-চিকু সংঘ’র বিরুদ্ধে মানববন্ধনে লাভলু-ফারিয়া

চিরকুমার সংঘ’ নাটকে সালাউদ্দিন লাভলু ও ফারিয়া শাহরিন।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2022, 06:27 PM

Updated : 03 Nov 2022, 06:27 PM

‘প্রেম সংঘ’র বিশ্বাস, প্রেম না থাকলে স্তব্ধ হয়ে যাবে পৃথিবী; আর ‘চিরকুমার সংঘ’ মনে করছে, প্রেম ‘বিষের’ মতো একটি বিষয়। এই দুই সংঘের নিজস্ব মতাদর্শ নিয়ে বিরোধ আর সেই দ্বন্দ্ব থেকে সংঘের কর্মীদের রাজপথে মানববন্ধন। এমন ধরনের ঘটনা দেখা যাবে ‘চিরকুমার সংঘ’ ধারাবাহিক নাটকে।

এই ধারাবাহিকের নির্মাতা তুহিন হোসেন গ্লিটজকে জানান, গত মঙ্গলবার থেকে টেলিভিশন চ্যানেল এনটিভিতে শুরু হয়েছে ধারাবাহিক ‘চিরকুমার-চিকু সংঘ’ নাটকের সম্প্রচার। সপ্তাহে তিনিদিন সোম, মঙ্গল ও বুধবার রাত সাড়ে নয়টা নাটকটি প্রচারিত হচ্ছে।

নাটকের কাহিনী নিয়ে নির্মাতা তুহিন হোসেন বলেন, “সালাউদ্দিন লাভলু এক সময় ছিলেন চিরকুমার সংঘের উপদেষ্টা। কিন্তু হঠাৎ করেই বিয়ে করে তার চিরকুমার জীবনের ইতি টানেন। এরপর চিরকুমার সংঘের সদস্যদের সাথে বিরোধে জড়িয়ে পড়েন।

“বিয়ের পর সালাউদ্দিন লাভলু গড়ে তুলেন ‘প্রেম সংঘ’ নামে একটি সংগঠন। তারা মনে করে প্রেম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। প্রেম না থাকলে পৃথিবী থেমে যাবে। অন্যদিকে ‘চিরকুমার সংঘ’ মনে করে ‘নারীর প্রেম’ মানেই বিষ।”

এই সংঘে যোগ দেন অভিনেত্রী ফারিয়া শাহরিনও। ফারিয়ার ‘প্রেম সংঘে’ যোগ দেওয়ার কারণ জানিয়ে নির্মাতা বলেন, “ফারিয়া এক যুবককে পছন্দ করে। কিন্তু সেই যুবক তার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়ায়। এজন্যই সে যোগ দিয়েছে প্রেম সংঘে।”

সালাউদ্দিন লাভলুর নেতৃত্বে ‘প্রেম সংঘ’ নিজেদের কিছু দাবি-দাওয়া আদায়ে মানববন্ধনেও নামে।  

Image

চিরকুমার সংঘ’ নাটকের দৃশ্য 

নাটকে ‘চিরকুমার সংঘ’র কাজ সম্পর্কে তুহিন বলেন,  “প্রতিটি মানুষই মনে মনে চিরকুমার, কেউ স্বীকার করে, কেউ করে না। এই দর্শন সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে চিরকুমারদের সংগঠন ‘চিকু সংঘ’। চিরকুমারদের জীবনের মজার মজার সব ঘটনা, ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকটি।”

‘চিরকুমার সংঘ’ দিয়েও ধারাবাহিক নাটকে হাত দেওয়া বলে জানান তুহিন হোসেন।

তিনি বলেন, ‘আমার প্রথম ধারাবাহিক সিরিয়াল। গোলাম রাব্বানী নাটকটি লিখছেন। প্রথম দুই পর্ব প্রচার হওয়ার পর থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। আমার মনে হয় কাজটি পছন্দ করবে দর্শক।”
 
সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল ও শরাফ আহমেদ জীবনকে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যাবে নাটকে। আরও অভিনয় করছেন আরশ খান, ফারিয়া শাহরিন, বাপ্পি আশরাফ, নাইমা আলম মাহা, অনিক, শহীদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।

ইতোমধ্যে উত্তরা এবং নিকুঞ্জে নাটকটির শুটিং শেষ করেছেন তুহিন হোসেন। পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুটিং করা হবে বলে জানান তিনি।