২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার বিয়েতে ছেলের নাচ-গান, ভিডিও ভাইরাল

আরবাজের বিয়ের অনুষ্ঠানে নেচেগান হুল্লোড় তুলেছেন তার ছেলে আরহান খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2023, 04:56 PM

Updated : 26 Dec 2023, 04:56 PM

বলিউডের খান পরিবারের ছেলে, অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের দ্বিতীয় বিয়ে নিয়ে সাংবাদমাধ্যমে খবর কম আসেনি। সেগুলোর মধ্যে নজরকাড়া খবর হল, আরবাজের বিয়ের অনুষ্ঠানে নেচে-গেয়ে হুল্লোড় তুলেছেন তার ছেলে আরহান খান।

বলিউড তারকা সালমান খানের ছোট ভাই আরবাজ খান। ৫৬ বছর বয়সী আরবাজের এটি দ্বিতীয় বিয়ে। রোববার হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রির তারকা প্রসাধনশিল্পী শুরা খানকে বিয়ে করেছেন আরবাজ।

আরবাজের প্রথম স্ত্রী নৃত্যশিল্পী-মডেল-অভিনেত্রী মালাইকা অরোরা। ১৯৯৮ সালে তারা বিয়ে করেছিলেন। তাদের সংসারে বিচ্ছেদ হয় ২০০৭ সালে। আরবাজ ও মালাইকার ছেলে আরহান খান।

ইন্ডিয়া টুডে বলছে, আরবাজের বোন অর্পিতা খান তার বাসায় ভাইয়ের বিয়ের আয়োজন করেন। ওই আয়োজনে বাবার সঙ্গে প্রথমে গান গাইতে দেখা যায় আরহানকে। বাবা-ছেলের সেই গানের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে মাইক্রোফোন হাতে ‘দাবাং’ সিনেমার ‘তেরা মাস্ত মাস্ত দো ন্যায়ন’ গানটি গাইছেন আরবাজ খান।

পরিবেশনার মধ্যে মঞ্চে আসেন আরহান। একপর্যায়ে একসঙ্গে গলা মিলিয়ে গানটি শেষ করেন আরবাজ-আরহান।

গানের পরে সালমান খান, নতুন বউ শুরা এবং আরও কয়েকজন যখন নাচতে শুরু করেন, সেই দলেও দেখা যায় আরহানকে।

শুধু নাচগান নয়, অনুষ্ঠানে গিটারও বাজিয়ে শোনান আরহান।

ওই আয়োজনে সেলিম খান, সালমান খান, সোহেল খান এবং পরিবারের অন্য সদস্য, অভিনেত্রী রাভিনা ট্যান্ডনসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরবাজের নববধূ শুরা হলেন রাভিনা ট্যান্ডন আর তার মেয়ে রাশার ব্যক্তিগত প্রসাধনশিল্পী।

কিছুদিন আগে ‘পাটনা শুক্লা’ সিনেমার সেটে শুরার সঙ্গে আরবাজের দেখা হয়। এরপর  একে অপরের প্রেমে পড়েন তারা।