বিয়ের বার্ষিকীতে দীপিকা ব্যস্ত, রণবীর যা করলেন
চমক দিলেন রণবীর সিং; সঙ্গে অন্যদেরও দিলেন পরামর্শ।
বিয়ের চতুর্থ বার্ষিকী; অফিসের কাজের কারণে দীপিকা পাড়ুকোনের ফুরসৎ মিলছিল না, তাই বলে কি রণবীর সিং বাসায় বসে থাকবেন?
বসে থাকেননি তিনি, হাজির হয়ে যান স্ত্রীর অফিসেই; উদযাপনের শুরুটা সেখানেই করেন।
সোমবার এরপর নিজেরা ঘটা করে বিয়ে বার্ষিকী উদযাপন করলেও ভিন্ন ভাবেই দিনের শুরুটা হয়েছিল বলে এনডিটিভি তুলে ধরেছে।
ইনস্টাগ্রামে দীপিকার অফিসে উদযাপনের একটি ছবি শেয়ার দিয়ে রণবীর লিখেছেন, “বিয়ে বার্ষিকীতেও আপনার স্ত্রী ব্যস্ত থাকলে তাকে অফিসে গিয়ে চমকে দিন।”
তার সঙ্গে লিখেছেন, “কখনোই ফুল ও চকলেটকে খাটো করে দেখবেন না। তবে হীরার দরকার নেই। এগুলো টুকে রাখুন, আর আমাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না।”
বলিউডি সিনেমায় এক দশক ধরে জনপ্রিয় জুটি দীপিকা-রণবীর বাস্তবে জুটি বাঁধেন ২০১৮ সালের ১৪ নভেম্বর। ইতালিতে জমকালো আয়োজনে হয় তাদের বিয়ের অনুষ্ঠান। বিশেষ দিনটি শুধু পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে উদযাপন করেন তারা।
