২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উত্তম হয়ে’ সমালোচনার মুখে নীল

মহানায়কের পরিবারের অভিযোগ ছিল, এই সিনেমায় উত্তমকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 10:13 AM

Updated : 06 Oct 2023, 10:13 AM

দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে মহানায়ক উত্তম কুমারের বায়োপিক 'যেতে নাহি দিবো'।

উত্তম কুমারের বেশি বয়সের চরিত্রে অভিনয় করেছেন সুজন নীল মুখোপাধ্যায়। তবে মহানায়কের চরিত্রে নীলের লুক প্রকাশের পর শুরু হয়েছে সমালোচনা।

নির্মতা প্রবীর রায় তার এই সিনেমায় উত্তম কুমারের শৈশব থেকে মৃত্যুকাল পর্যন্ত সময়কে ধরার চেষ্টা করেছেন। তিনি এই সিনেমাকে বায়োপিকের পরিবর্তে ‘ডকু ফিচার’ বলতেই বেশি আগ্রহী।

প্রবীর বলেন, "উত্তম কুমারে জীবনের শেষ সাত বছর তাকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। এই সিনেমাটি ২০১৯ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু জটিলতা শুরু হয়েছে সেই ২০১৭ সাল থেকে। উত্তম কুমারের পরিবারের পক্ষ থেকে সিনেমা আটকে দিতে মামলা করা হয়।"

উত্তমের পরিবারের আপত্তির কারণ সম্পর্কে প্রবীর বলেন, "তারা আসলে সিনেমাটি না দেখেই অভিযোগ করেছিরেন যে, এই সিনেমায় মহানায়ককে নাকি ভুলভাবে তুলে ধরা হচ্ছে।"

গত অগাস্টে মামলার রায় প্রবীরের পক্ষে আসায় তিনি গত ১ সেপ্টেম্বর একটি হলে 'যেতে নাহি দিবো' মুক্তি দিয়েছেন। এখন আগামী সপ্তাহে পুরোদমে সিনেমা মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান এই নির্মাতা।

সিনেমায় নীলের লুক নিয়ে সংবাদমাধ্যমকে প্রবীর বলেন, "উত্তম কুমারের বিকল্প নেই, সেটা আমিও জানি। কিন্তু কাউকে তো অভিনয়টা করতেই হত। প্রথমে ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম। কিন্তু তিনি রাজি হননি। একবার নীলের একটা সানগ্লাস পড়া ছবি দেখে আমার মনে হয়, ওকে এই চরিত্রে মানাবে।"

এই পরিচালকের ভাষ্য, এই সিনেমায় মহানায়কের জীবনের কোনও বিতর্ককে জায়াগা দেওয়া হয়নি। সিনেমাটি মুক্তির পর যাবতীয় প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলেই মনে করছেন তিনি।

অভিনেতা নীল বলেন, "প্রথম প্রথম নার্ভাস ছিলাম, ভয়ও ছিল। এতবড় একজন মানুষের চরিত্র রূপায়নের দায়িত্ব কাঁধে পড়ল। সেখানে ভয় তো ছিলই। কিন্তু অজানা তথ্যগুলো দর্শকদের ভালো লাগবে।"

এর আগে পর্দায় উত্তম কুমারের চরিত্রে দর্শক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্তকে দেখা গেছে।

নীল বলেন, "আমি কোনোভাবেই মহানায়ককে অনুকরণ করার চেষ্টা করেননি।"

আর তার লুক নিয়ে সমালোচনা আর মামলা নিয়ে নীলের ভাষ্য, "সামলোচনা এখন আমাদের সংস্কৃতির অংশ বলেই মনে হয়। আর মানুষের বলার অধিকার আছে। তাই আলোচনা হোক, ক্ষতি নেই। আমার বিষয়টা খুব একটা খারাপ লাগছে না। সিনেমা দেখে দর্শক যা বলবেন মাথা পেতে মেনে নেব।’’

সিনেমায় সুপ্রিয়া দেবীর বেশি বয়সের চরিত্রে রয়েছেন মল্লিকা সিংহ রায়। কানন দেবীর চরিত্রে রয়েছেন শকুন্তলা বড়ুয়া। সাবিত্রী চট্টোপাধ্যায় হয়েছেন পায়েল রায়। অন্যান্য চরিত্রে রয়েছেন দুলাল লাহিড়ি, স্বস্তিকা দত্ত, দেবরাজ রায়সহ আরও অনেকে।