ফারিয়া-শুভকে নিয়ে যেভাবে ‘ফুটবল ১৯৭১’ বানাবেন অনম বিশ্বাস
দারুণ এক সিনেমা হবে, আশা নুসরাত ফারিয়া ও আরিফিন শুভর।
স্বাধীন বাংলা ফুটবল দল গড়ে তোলার জানা-অজানা গল্প নিয়ে ‘দেবী’র পরিচালক অনম বিশ্বাস নির্মাণ করছেন চলচ্চিত্র ‘ফুটবল ১৯৭১’।
আরিফিন শুভর পর চমক দেখিয়ে এ সিনেমায় যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া। রোববার চুক্তিপত্রের ছবি ফেইসবুকে পোস্ট করে ফারিয়া লিখেছেন, “আমার পরবর্তী কাজ, অনম বিশ্বাসের সঙ্গে।”
নতুন সিনেমায় যুক্ত হওয়া নিয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে নুসরাত ফারিয়ার সাড়া মেলেনি।
চিত্রনায়ক আরিফিন শুভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অনম দাদার কাজের একজন ভক্ত। উনার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া। আশা করছি দারুণ কিছু তৈরি হবে।”
শুভ-ফারিয়ার চরিত্র জানতে চাইলে নির্মাতা অনম বিশ্বাস বলেন, “সিনেমায় আরিফিন শুভকে দেখা যাবে একজন সংগঠক হিসেবে।”
নুসরাত ফারিয়ার চরিত্র বলতে গিয়ে ব্যাখ্যা করেন অনম, “আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অংশ নিয়েছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে জড়িতরা তাদের মতো করে যেমন অংশ নিয়েছেন; ডাক্তার, নার্স, বিভিন্ন গানের দল... এরা নিজেদের জায়গা থেকে নিজেদের মতো করে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং অবদার রেখেছেন।
“নুসরাত ফারিয়াকে এমন সক্রিয় কোনো একটা জায়গায় দেখা যাবে। বিষয়টা এখনই বলতে চাইছি না। আগামীতে আয়োজন করে তার চরিত্র ঘোষণা করার পরিকল্পনা আমাদের।”
শুভ-ফারিয়ার রসায়ন নিয়ে নির্মাতা বলেন, “১৯৭০ দশকের প্রেম ছিল আলাদা। একজনকে দেখে ভালো লেগেছে, সেটা নিয়ে পাঁচবছর কাটিয়ে দিয়েছে। শুভ-ফারিয়াকে এমনই একটা সম্পর্কে দেখা যাবে। সম্পর্কের সঠিক পরিণতি পাবে না হয়ত, কিন্তু যুদ্ধের সময় মানবীয়, স্বচ্ছ একটা অনুভূতির সম্পর্ক দেখা যাবে।”
সম্প্রতি কাজী হায়াতের পরিচালনায় ‘জয় বাংলা’ নামে একটা ঐতিহাসিক সিনেমার ট্রেলার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। ট্রেইলার দেখে কোনোভাবেই ঘটনা ও চরিত্রগুলো মুক্তিযুদ্ধের সময়কার মনে হয়নি বলছেন দর্শক।
‘ফুটবল ১৯৭১’ নির্মাতা গল্পকে বিশ্বাসযোগ্য করে তুলতে কোন কোন দিকে নজর দেবেন?
অনম বিশ্বাস বলেন, “আমার কাছে মনে হয় ঐতিহাসিক গল্প বলতে গেলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সিনেমার বাজেট। কারণ, ওই সময়ের কোনোকিছুই সহজপ্রাপ্য না। পরিবেশটা তৈরি করে নিতে হয়। এরজন্য টাকা লাগে।
“বড় দুই তারকার অন্তর্ভুক্তি দেখে আমাদের ছবিটাকে ‘বিগ বাজেট’ ছবির তকমা দেওয়া হচ্ছে। অথচ যে কয় টাকা অনুদান পেয়েছি, এর বাইরে আর কোনো বাজেট নেই।”
তিনি বলেন, “এই অবস্থা থেকে উত্তরণের জন্য, ছবিটাকে আমরা চরিত্রনির্ভর রাখব। যতটুকু করলে আমি বোঝাতে পারব এটা ১৯৭১ সাল, ঠিক ততটুকই করব। ফ্রেমটাকে খুব বেশি বড় না করে, সৌন্দর্য বৃদ্ধির জন্য অতিরিক্ত উপাদান দিয়ে ফ্রেম না সাজিয়ে বেসিক বিষয়গুলো ফ্রেমে রাখব।”
সৌন্দর্যের দিকে খুব বেশি নজর না দেওয়ার কারণ উল্লেখ করে বলেন, “ছোটবেলা থেকে আমরা মুক্তিযুদ্ধের যত প্রামাণ্যচিত্র-ফুটেজ দেখেছি, কোথাও সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা হয়নি। যুদ্ধ সত্যিকারের জিনিস। এখানে সৌন্দর্যের কোনো বিষয় থাকে না।
“তাই বলে কারিগরি দিক দিয়ে ছাড় দিব না। নেহাল কোরাইশির মতো দুর্দান্ত সিনেমাটোগ্রাফারকে নিয়ে কাজ করছি। ছবিটা সুন্দর করতে সবই করব আমরা। কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলাই আমাদের প্রধান ফোকাস হবে না। ছবি দেখে যেন সত্যি মনে হয়, সেই বিষয়টাই আমাদের ফোকাসে থাকবে।”
তিনি বলেন, “বুদ্ধি খাটিয়ে সাধ্যের মধ্যে বাজেট দিয়ে ৭০’র দশকটা তুলে আনব আমরা।”
এ ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আছে জানিয়ে অনম বিশ্বাস বলেন, “৭০ দশকের মানুষের জীবন-যাপন, চেহারা এখনকার থেকে অনেক আলাদা। তাদের শরীর শুকনো, চেহারায় ছিল দারিদ্র্যের ছাপ; এখন একজন রিকশাওয়ালাও স্বাস্থ্যবান হয়। কাজেই, ফ্রেমভর্তি সত্তর দশকের মানুষ পাওয়া কঠিন।
“তবে এখনকার লোশন মাখা, পার্লারে যাওয়া গ্ল্যামারের পরিবর্তে গায়ে সরিষার তেল মাখা রোদে পোড়া রঙটা তো তুলে ধরতে পারি। আমি সেই চেষ্টাই কবর।”
নির্মাতা বলেন, “ওই সময়ের মানুষের সত্যিকারের চেহারা দেখা যাবে ‘ফুবটল ১৯৭১’ এ।”
জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারির শুরুতে শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। ২০১৯-২০ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্যের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র শাখায় ৫১ লাখ টাকা অনুদান পায় ‘ফুটবল ১৯৭১’।
অনম বিশ্বাস একাধারে নির্মাতা, চিত্রনাট্যকার এবং সুরকার। ২০১৬ সালে আয়নাবাজি চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। হুমায়ূন আহমেদের দেবী উপন্যাস অবলম্বনে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন ২০১৮ সালে। ‘দুই দিনের দুনিয়া’ নামে তার একটি ওয়েবফিল্ম সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে প্রচারিত ও প্রশংসিত হয়।
