শাহরুখের সঙ্গে ‘রোমান্স’, উচ্ছ্বসিত তাপসি
ডাঙ্কি সিনেমায় ‘বলিউড কিং’য়ের সঙ্গে পর্দা ভাগ করছেন এই অভিনেত্রী।
‘বলিউড কিং’ শাহরুখ খানের বিপরীতে সিনেমায় কাজের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ভারতীয় অভিনেত্রী তাপসি পান্নু।
‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’ নির্মাতা রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ চলচ্চিত্রে শাহরুখের বিপরীতে তাপসি রয়েছেন।
ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেছেন, সিনেমায় কিং খানের সঙ্গে রোমান্স করার বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।
এর আগে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন, তার বিশ্বাস ছিল একদিন শাহরুখ খানের সঙ্গে কাজের সুযোগ পাবেন; অবশেষ সেই স্বপ্ন পূরণ হয়েছে।
“আমি তার সিনেমা দেখে বেড়ে উঠেছি। শাহরুখ খানই আমাকে হিন্দি সিনেমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। তার সঙ্গে ফ্রেম ভাগাভাগি করার আমার কাছে স্বপ্নের মতো। আমি আশায় আছি, যেন সব ঠিক থাকে।”
ইন্ডিয়া টুডেকে তিনি বলেন, সিনেমাটিতে ছোট্ট কোনো ভূমিকার জন্য নির্বাচন করা হলেও এড়িয়ে যেতেন না তিনি।
“কারণ শাহরুখ খানের সাথে রোম্যান্স করার সুযোগ কোনোমতেই হাতছাড়া করা চলেনা। তাও আবার রাজকুমার হিরানির সিনেমায়!”
এরই মধ্যে বলিউডে আসন গেঁড়ে নেওয়া তাপসি ‘ডাঙ্কি’তে অভিনয়ের জন্য নির্মাতা রাজকুমার হিরানিকে বেশ গুরুত্বই দিচ্ছেন।
“দারুণ এক আবহ তৈরি করে রাখতে পারেন তিনি তার চারপাশে। তার সেটে কেউ মজা করছে না এমন ঘটনা বিরল।”
ডাঙ্কি সিনেমার প্রথম দফায় দৃশ্যধারণের অংশ নিয়েছেন তাপসি; দ্বিতীয় দফায় শুটিংয়ে অংশ নেবেন তিনি।
রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথম কাজ করছেন শাহরুখ।
ডাঙ্কি পাঞ্জাব থেকে আসা অবৈধ অভিবাসীদের গল্প, যারা যে কোনো মূল্যে কানাডায় স্থানান্তরিত হতে চায়। অভিজাত জোশীর লেখা সিনেমাটি আগামী বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
