২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলিউডে ধর্মঘট: বাড়ি বেচতে হল অভিনেতা-গায়ককে

যুক্তরাষ্ট্রের চিত্রনাট্যকার এবং অভিনয়শিল্পীদের এমন ধর্মঘট গত ৬৩ বছরে দেখা যায়নি।

হলিউডে ধর্মঘট: বাড়ি বেচতে হল অভিনেতা-গায়ককে

বিলি পোর্টার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 11:48 PM

Updated : 10 Aug 2023, 11:48 PM

হলিউডে চলমান ধর্মঘটের কারণে শেষমেশ বাড়ি বেচতে হল মার্কিন অভিনেতা-গায়ক বিলি পোর্টারকে।

সম্প্রতি ব্রিটিশ সংবাদপত্র ইভনিং স্ট্যান্ডার্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের বিপর্যয়ে পড়ার কথা জানান।

‘পোজ’ অভিনেতা বলেন, হলিউড ধর্মঘটের কারণে অর্থের অভাবে পড়ে বাড়ি বিক্রি করে দিতে হয়েছে তাকে।

“আমরা কবে কাজে ফিরতে পারব, জানি না। শিল্পীদের আর্থিক নিশ্চয়তা এখনও চেকের উপর ভিত্তি করেই হয়। যতক্ষণ না আপনি যথেষ্ট পরিমাণ টাকা উপার্জন করছেন, পরিস্থিতি বদলাবে না। একটা নতুন সিনেমায় কাজ করার কথা ছিল। সেপ্টেম্বরেই শুরু হত, অথচ কিছুই হচ্ছে না।”

চলতি বছরের মে মাসের শুরুতে ধর্মঘটের ডাক দেন হলিউডের লেখক বা চিত্রনাট্যকাররা। পরে তাতে যোগ দেন অভিনয়শিল্পীরাও। এই কর্মবিরতির ফলে মুক্তির অপেক্ষায় থাকা যুক্তরাষ্ট্রের সব ধরনের সিনেমা ও টেলিভিশন সিরিজের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অচলাবস্থা চলছে হলিউডে।

পুরনো খবর:

স্থবির হলিউড, ধর্মঘটে বছর ‘গড়ানোর’ হুমকি অভিনয় শিল্পীদের
হলিউডে ধর্মঘটের নেপথ্যে কী?

নাম গোপন রেখে হলিউডের এক নির্বাহী কর্মকর্তার কথা উদ্ধৃত করে পোর্টার বলেন, “তিনি বলেছিলেন, ‘আমরা ওদের ততদিন অব্দি ক্ষুধার্ত রাখব, যতদিন না ওদের ঘর বাড়ি বিক্রি করে খেতে হয়’।”

“আপনারা ইতোমধ্যেই আমাকে ক্ষুধার্ত করে তুলেছেন," ক্ষুব্ধ কণ্ঠে বলেন এই অভিনেতা।

পোর্টারের মতে, সাধারণ জনগণের অনেকেই মনে করেন, চলচ্চিত্র শিল্পের নিয়ন্ত্রকরা ধনী ব্যক্তি, তারা আরও ধনী হতে চান।

“তারা দ্রুতই শিল্পীদের অবদান ভুলে যান, তাদের সংগ্রামকে তাচ্ছিল্য করেন।”

লেখক-শিল্পীদের অভিযোগ, তাদের পারিশ্রমিক কমেছে এবং কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কর্মক্ষেত্রে হুমকি তৈরি করেছে। এছাড়া কাজের ‘ভালো’ পরিবেশও চান তারা।

লেখক-শিল্পীদের দাবি, স্ট্রিমিং কোম্পানি এবং স্টুডিওগুলো আরও ‘ভালো’ পারিশ্রমিকের বিষয়ে উদার হোক। এছাড়া বর্ধিত রয়্যালিটি এবং পেনশন ও স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য আর্থিক সুবিধা দিক।

লেখকদের অভিযোগ, তাদের আগের কাজগুলো থেকে ধারণা নিয়ে নতুন স্ক্রিপ্ট তৈরি করছে এআই। ফলে এটি প্রতিরোধ করতে সুরক্ষামূলক ব্যবস্থা চান তারা। সেইসঙ্গে এআই এর করা খসড়া স্ক্রিপ্ট লেখকদের পুনর্লিখন করতে বলা হবে না, সেই নিশ্চয়তাও চাইছেন তারা।

যুক্তরাষ্ট্রের চিত্রনাট্যকার এবং অভিনয়শিল্পীদের এমন ধর্মঘট গত ৬৩ বছরে দেখা যায়নি।