২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিষেক

জয়া বচ্চন পূর্ণ করলেন জীবনের ৭৫ বছর।

যেভাবে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিষেক

মা জয়া বচ্চনের সঙ্গে অভিষেক বচ্চন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2023, 08:58 PM

Updated : 09 Apr 2023, 08:58 PM

গত শতকের সত্তর দশকের বলিউডের দাপুটে অভিনেত্রী জয়া বচ্চন পূর্ণ করলেন ৭৫ বছর। প্রতিবারই এ দিনে পরিবার ও বলিউড তারকাদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এবারও ব্যতিক্রম ঘটেনি।

অন্যান্য তারকা ও পরিবারের বাকি সদস্যদের মতো রোববার মায়ের জন্মদিনে একটি পুরনো ছবি সোশাল মিডিয়ায় দিয়ে শুভেচ্ছা জানালেন অভিষেক বচ্চন।

এই অভিনেতা তার প্রথম চলচ্চিত্র ‘রিফিউজি’র গান প্রকাশের দিনে মায়ের সঙ্গে ছবি তুলেছিলেন, সেটাই ইনস্টাগ্রামে তিনি দেন বলে এনডিটিভি জানিয়েছে।

ছবিতে মাকে জড়িয়ে ধরে ছিলেন অভিষেক, আর জয়ার ছিল ছেলেকে নিয়ে গর্ভভরা চাহনি।

ছবির ক্যাপশনে অভিষেক লিখেছেন- “এটা সেরা ছবি নয়, আমি জানি। কিন্তু আবেগটা জোরালো ও স্পষ্ট! যে কোনো সন্তানের জন্য তা প্রথম ও চিকালের ভালোবাসার নাম- মা। শুভ জন্মদিন,মা। আমি তোমাকে ভালোবাসি।”

তারকা দম্পতি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সন্তান অভিষেকের বলিউডে অভিষেক ২০০০ সালে রিফিউজি সিনেমা দিয়ে। জে পি দত্তের এই সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক ঘটেছিল আরেক তারকা দম্পতির সন্তান কারিনা কাপুরেরও।

অভিষেক লিখেছেন, “একজন অভিনেতা হিসাবে আমার প্রথম অফিসিয়াল পাবলিক ফাংশনের ছবি এটি। আমার প্রথম সিনেমা ‘রিফিউজি’র মিউজিক লঞ্চ। আমি বিশ্বাস করি, আমি মাকে আমার জন্য গর্বিত হওয়া আর অনেক উপলক্ষ এনে দিতে পারব।”

অভিনেতা পোস্টটি শেয়ার করার পরপরই বলিউডের অনেক তারকাই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন জয়াকে।

অভিনেতা সুনীল শেঠি লিখেছেন, “শুভ জন্মদিন ম্যাম।” বিপাশা বসু লিখেছেন, “শুভ জন্মদিন জয়া আন্টি।”

এদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নাতনি নভ্যা নভেলি নন্দাও ইনস্টাগ্রামে একটি সাদাকালো ছবি শেয়ার করে লিখেছেন, “শুভ জন্মদিন নানী। আসল পাওয়ার হাউস, যা আমাদের সবাইকে এক সুতায় বেঁধে রাখে। আমি তোমাকে ভালবাসি।”

বাঙালি সাংবাদিক-লেখক তরুণ কুমার ভাদুরীর মেয়ে জয়া ভাদুরির জন্ম ১৯৪৮ সালের ৯ এপ্রিল। মাত্র ১৫ বছর বয়সে সত্যজিৎ রায়ের মহানগরে অভিনয়ের মধ্য দিয়ে জয়ার চলচ্চিত্র জীবন শুরু।

১৯৭১ সালে মুক্তি পাওয়া ঋষিকেশ মুখার্জির ‘গুড্ডি’ সিনেমা দিয়ে বলিউডে জয়ার অভিষেক। দুই বছরেই বড় তারকা হয়ে ওঠার পর ১৯৭৩ সালে জয়া বিয়ে করেন তখন বলিউডে তরুণ অভিনেতা অমিতাভকে। কালে অমিতাভ হয়ে ওঠেন মহাতারকা।

তাদের দুই সন্তানের মধ্যে বড় শ্বেতা বচ্চনের জন্ম ১৯৭৪ সালে, তার দুই বছর পর জন্ম অভিষেকের। অভিষেক বিয়ে করেছেন বলিউডের আরেক তারকা ঐশ্বরিয়া রাইকে। আর শ্বেতার স্বামী নিখিল নন্দা ব্যবসায়ী হলেও মায়ের দিক থেকে তার নানা হন রাজ কাপুর।

অমিতাভ এখনও চুটিয়ে অভিনয় করে গেলেও জয়া অনিয়মিত। তাকে আগামীতে করণ জোহর পরিচালিত ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’তে দেখা যাবে। আগামী ২৮ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।