বিতর্ক থামাতে ক্ষমা চাইলেন লাকি আলি
ব্রাহ্মণ শব্দের উৎস নিয়ে এক কথায় নিন্দার মুখে পড়েন এই গায়ক।
কিছুদিন আগে সোশাল মিডিয়ায় ব্রাহ্মণদের নিয়ে লিখে বিতর্কে জড়িয়েছিলেন ভারতীয় গায়ক-অভিনেতা লাকি আলি। তার জেরে প্রকাশ্যে ক্ষমা চাইতে হলো তাকে।
‘আব্রাম’ থেকে ‘ব্রাহ্মণ’ শব্দটির উৎপত্তি বলে সম্প্রতি এক ফেইসবুক পোস্টে লিখেছিলেন লাকি। তার ধরে নিন্দার ঝড়ে পোস্টটি মুছে ফেলতে হয় তাকে।
তাতেও শেষ রক্ষা না হওয়ায় তিনি বিতর্ক থামাতে মঙ্গলবার ফেইসবুকে ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
পোস্টে লাকি রিখেছেন, “প্রিয় সবাই, আমার আগের পোস্টে বিতর্ক সৃষ্টি হয়েছে বুঝতে পারছি। আমার উদ্দেশ্য কারও মধ্যে কষ্ট বা রাগ সৃষ্টি করা ছিল না। তবুও আমি গভীরভাবে দুঃখিত। আমার উদ্দেশ্য ছিল সকলকে কাছাকাছি নিয়ে আসা।আমি বুঝেছি আমার বক্তব্য অনেক হিন্দু ভাই-বোনকে বিরক্ত করেছে। সে জন্য আমি গভীরভাবে দুঃখিত। এরপর থেকে আরও সচেতনভাবে পোস্ট করার চেষ্টা করবো। আপনাদের সবাইকে ভালবাসি আমি।”
গত রোববারের পোস্টে তিনি লিখেছিলেন, “ব্রাহ্মণ শব্দের উৎস ব্রহ্ম, যা আব্রাম থেকে এসেছে। আব্রাম ওরফে আব্রাহাম ওরফে ইব্রাহিমকে সমগ্র বিশ্বের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়। তাই ব্রাহ্মণরা ইব্রাহিম আলাইহি-ওয়াস-সালামের উত্তরসূরি হতে পারে। তাহলে কোনো কারণ ছাড়া নিজেদের মধ্যে এত লড়াই ও ঝগড়া কেন?”
বলিউডের প্রয়াত অভিনেতা মেহমুদের ছেলে লাকি আলি ক্যারিয়ারের শুরুতে একজন শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। পরে গায়ক হিসেবেই খ্যাতি পান তিনি।
১৯৯৬ সালে অ্যালবাম ‘সুনোহ’ দিয়ে সংগীত জগতে প্রবেশ করেন লাকি। পরবর্তীকালে আবার ‘ইয়ে হ্যায় জিন্দেগি’, ‘হামারে তুমহারে’, ‘ত্রিকাল’, ‘সুর’, ‘কাঁটে’ ও ‘কসাক’ সিনেমায় অভিনয়ের জন্যও প্রশংসিত হন।
২০০১ সালে ‘কহোনা পেয়ার হ্যায়’ সিনেমায় ‘এক পাল কা জিনা’ গানের জন্য সেরা পুরুষ প্লেব্যাক শিল্পী হিসেবে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড জয় করা এই গায়কের সপ্তম অ্যালবাম ‘রাস্তা ম্যান’ প্রকাশ পায় ২০১১ সালে।
দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে থাকলেও বর্তমানে দেশ ও বিদেশে একাধিক লাইভ শো করে ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় এ গায়ক।
