Published : 24 May 2025, 09:41 PM
ঝিনাইদহের কালীগঞ্জে নাট্যশিল্পী প্রশান্ত হালদারের বাড়িতে আগুন লাগার পর থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।
বৃহস্পতিবার মধ্যরাতের এ ঘটনায় চার লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে প্রশান্ত হালদারের ভাষ্য।
প্রশান্ত ঢাকার নাট্যদল অনুস্বর এর প্রতিষ্ঠাতাদের একজন। প্রায় চার দশক ধরে তিনি নাট্যচর্চায় যুক্ত আছেন। নাট্যকার ও অভিনেতা হিসেবেও তার পরিচিতি আছে।
তার বাড়িতে আগুনের ঘটনার প্রতিবাদ জানিয়েছে নাট্যদল অনুস্বর এবং থিয়েটার বিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’।
কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের রঘুনাথপুরের হালদারদের বাড়ি। প্রশান্তর বোন শ্রাবণী রাখী দৈনিক ভোরের কাগজ পত্রিকার বিনোদন বিভাগের প্রধান। শ্রাবণীর স্বামী মনোজ দে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদকীয় সহকারী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রশান্ত বলেন, “বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে। মূল বাসভবন দোতালার পেছনে প্রাচীর সংলগ্ন একটি খোলা টিনের চালায় বিচালিতে আগুনের সূত্রপাত হয়।
“এরপর লাগোয়া খড়ির গাদায় এবং ক্রমান্বয়ে টিনের স্টোররুম ও গোয়াল ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।”
আগুন লাগার ঘটনায় ‘নানা রকম সন্দেহ’ হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “এর আগেও অজ্ঞাতনামা কেউ রাতের বেলায় আমাদের রান্নাঘরে জানালায় ৩/৪ বার মানুষের মল মাখিয়ে রেখে যায়। একাধিকবার আমাদের টিনের ঘরের চালে ও দোতলা ঘর লক্ষ্য করে আধলা ইট ও ঢিল নিক্ষেপ করে। বিষয়টি নিয়ে আমরা স্থানীয়ভাবে আলোচনা করি।”
‘অসৎ উদ্দেশ্যে’ কেউ বাড়িতে অগ্নিসংযোগ করে থাকতে পারে বলে সন্দেহ করছেন প্রশান্ত হালদার। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে এবং স্থানীয় ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে আইনি সহায়তা পেতে থানায় সাধারণ ডায়েরি করার কথা বলেছেন তিনি।
কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ দুপুরে প্রশান্ত হালদার সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
শ্রাবণী রাখী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝিনাইদহের পুলিশ সুপার মঞ্জুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উদ্বেগ ও নিন্দা
নাট্যদল অনুস্বর এর দলপ্রধান মোহাম্মদ বারী বলেছেন, “বেশ কিছুদিন ধরেই প্রশান্ত হালদারের গ্রামের বাড়িতে গভীর রাতে ঢিল ছোড়া হত। আমরা মনে করি এই ঘটনা সুপরিকল্পিত। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
“অতি দ্রুত তদন্তের মাধ্যমে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার করে শাস্তির দাবি করছি। আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন এবং পাশাপাশি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”
থিয়েটার পত্রিকার ক্ষ্যাপার নির্বাহী সম্পাদক অপু মেহেদী বলেন, “যে কোনো নাগরিকের জীবনযাপন নিরাপদ করা রাষ্ট্রের দায়িত্ব বলে আমরা মনে করি। প্রশান্ত হালদার নাট্যাঙ্গনের খুবই পরিচিত মুখ। তার বাড়িতে আগুনের ঘটনার তীব্র নিন্দা জানাই। এই বিষয়ে সুষ্ঠা তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে আশা করছি।”