১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিজের সিনেমায় নিশোর গান

গানে নিশোর কণ্ঠ দেওয়ার পরিকল্পনাটা হঠাৎ করেই, প্রযোজক শাহরিয়ার শাকিলের ইচ্ছাতেই গানটিতে কণ্ঠ দিয়েছেন এই অভিনেতা।

নিজের সিনেমায় নিশোর গান
‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন আফরান নিশো। ছবি: চরকির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2025, 10:16 AM

Updated : 10 Sep 2026, 12:37 PM

ঈদের ‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন সিনেমার অভিনেতা আফরান নিশো।

সবাইকে অবাক করে দিয়ে গান গেয়েছেন অভিনেতা আফরান নিশো। তাও আবার নিজের সিনেমা ‘দাগির’ টাইটেল ট্র্যাকে।

'তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি, যতবার খুশি মারো, তত বারবার জাগি’ লিরিকের গানে শোনা যাচ্ছে নিশো এবং সংগীত পরিচালক আরাফাত মহসীনের কণ্ঠ। 

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান চরকির ফেইসবুক ও ইউটিউবে প্রচার হয়েছে গানটি। গানটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘সমাজের অন্ধ চোখ আর বন্ধ মগজ খুলে দিতে, গর্জে উঠেছে দাগি’। 

‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকের গীতিকার, অভিনেতা ও সুরকার। ছবি: চরকির সৌজন্যে। 

‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকের গীতিকার, অভিনেতা ও সুরকার

বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন। 

গানে নিশোর কণ্ঠ দেওয়ার পরিকল্পনাটা হঠাৎ করেই। প্রযোজক শাহরিয়ার শাকিলের ইচ্ছাতেই গানটিতে কণ্ঠ দিয়েছেন এই অভিনেতা। 

গানটির কথা সাজানো হয়েছে একজন দাগির দৃষ্টিকোণ থেকে। 

নিশো বলেন, "গানটিতে কণ্ঠ দেওয়ার কারণগুলো আমার বেশ যৌক্তিক মনে হয়েছে বলেই আমি রাজি হয়েছি। পরে আরও কিছু সংযোজন-বিয়োজনের পর গানটি গাই।"  

অনেক বছর আগে একটি নাটকের জন্য কয়েক লাইনের গান গেয়েছিলেন নিশো। সেই গানের সুরকার ও গীতিকারও তিনিই ছিলেন। 

‘দাগি’ সিনেমায় আফরান নিশো। ছবি: চরকির সৌজন্যে। 

‘দাগি’ সিনেমায় আফরান নিশো

নিশো বলেন, “খুবই উপভোগ করেছি গানটি গাওয়ার সময়। নিধিকে (আরাফাত মহসীন) অনেক ধন্যবাদ। একটু নিচু স্বরে যতটা করার চেষ্টা করেছি। গায়ক হিসেবে গানটি গাইনি, অনিয়মিত বা গায়ক নয় বা প্রথম গান করছে, এমন একজনের যে স্বাভাবিক ঢং, সেটাই রাখার চেষ্টা করেছি।"  

গান নিয়ে আরাফাত মহসীন বলেন, "গানটির ধারণা পাওয়ার পর আমার মনে হয়েছে, একটা ঝাঁঝালো, প্রতিবাদী সুর দরকার। সেটাই করার চেষ্টা করেছি। এ রকম গানে শব্দ খুব গুরুত্বপূর্ণ, সেটাও আমি ঠিকঠাক পেয়ে গেছি। নিশো ভাইকে আমি আগেও গান করার প্রস্তাব দিয়েছি, কিন্তু হয়ে উঠছিল না। এবার হয়ে গেল।  

"যখন জানলাম, নিশো ভাই গানে কণ্ঠ দেবেন, র‍্যাপ করবেন, তার কণ্ঠস্বরে মানাবে এমনভাবেও কিছু জায়গায় সুর রাখার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগছে গানটি।"   

গীতিকার রাসেল মাহমুদ বলেন, "কাজী নজরুল ইসলাম আমাকে বেশ প্রভাবিত করেন। তার প্রেম ও দ্রোহের লেখা আমার কাছে একরকম বিস্ময়। দাগির থিম সং লেখার সময় তেমন কিছু শব্দ-বাক্য ব্যবহারের চেষ্টা করেছি। গানটি রেকর্ডিংয়ের সময় আমি উপস্থিত ছিলাম। নিধি ও আফরান নিশো গানটি সুন্দর করে উপস্থাপন করেছেন। আশা করি শ্রোতাদেরও ভালো লাগছে।"  

‘দাগি’ সিনেমায় আফরান নিশো। ছবি: চরকির সৌজন্যে। 

‘দাগি’ সিনেমায় আফরান নিশো

সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। 

‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন। সিনেমায় নিশোর সঙ্গে আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। 

সম্প্রতি সিনেমাটি পেয়েছে ইউ গ্রেডের (ইউনিভার্সাল গ্রেড) সেন্সর সার্টিফিকেট। অর্থাৎ সব বয়সী দর্শকই দেখতে পারবেন ‘দাগি’ সিনেমা।