২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

‘গুলশানের চামেলি’ সিনেমায় বাপ্পারাজ, বললেন, 'গল্পের জন্যই যুক্ত হওয়া'

বাপ্পারাজ বলেন, "এখন তো মনের মত গল্প পাওয়া যায় না, তাই সিনেমায় আমাকে দেখা যায় না।"

‘গুলশানের চামেলি’ সিনেমায় বাপ্পারাজ, বললেন, 'গল্পের জন্যই যুক্ত হওয়া'
অভিনেতা বাপ্পারাজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 07:55 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

বাংলাদেশ ভারতের শিল্পীদের নিয়ে নির্মাণের অপেক্ষায় থাকা ‘গুলশানের চামেলি’ সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেতা বাপ্পারাজ।  

গল্প পছন্দ হওয়াতেই সিনেমাটিতে কাজ করছেন বলে গ্লিটজকে জানিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, "‘গুলশানের চামেলি’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। সিনেমার গল্পের জন্যই যুক্ত হওয়া, নির্মাতা ইকবালের কাছ থেকে গল্পটা শুনে ভালো লাগে। এখন তো মনের মত গল্প পাওয়া যায় না, তাই সিনেমায় আমাকে দেখা যায় না।"      

সিনেমাটি নির্মাণ করছেন মোহাম্মদ ইকবাল। অগাস্টের শুরুতেই এক মহতর অনুষ্ঠানের মধ্য দিয়ে সিনেমার ঘোষণা দেন তিনি। 

সিনেমাটির এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে এবং তিনটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইকবাল। 

বাপ্পারাজের যুক্ত হওয়া ও সিনেমার অগ্রগতি নিয়ে গ্লিটজকে বলেন, "বাপ্পারাজ আমার বন্ধু। তার সঙ্গে সিনেমা নিয়ে কথা হয়েছে। তাকে আমি গল্প শুনিয়েছি।  গল্প ও আমার অনুরোধ রাখতেই এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। তিনি একজন অভিজ্ঞ অভিনেতা। তিনি এই সিনেমায় যুক্ত হওয়াতে আমরা আনন্দিত।" 

সিনেমাটি নিয়ে ইকবাল বলেন, "ডিসেম্বরে আমরা সিনেমার দৃশ্যধারণে যাব। এখন প্রি প্রোডাকশনের কাজ খুব ভালো চলছে। পাশাপাশি আমাদের গান রেকর্ডিং হয়ে গেছে। তিনটা গান রেকর্ড করে ফেলছি। গানগুলো খুব সুন্দর হইছে। আমাদের শুটিংয়ের প্রস্তুতিও খুব ভালো। আশা করি ভালো কিছুই হবে।"  

২০১৮ সালের 'পোড়ামন' সিনেমার পর বাপ্পারাজকে আর সিনেমায় দেখা যায়নি। তবে চলতি বছরের শুরুতে মোস্তফা খান সিহানের ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ এ অভিনয় করেছিলেন তিনি। 

তবে প্রযোজনা জটিলতায় সিরিজটি কাজ এখন বন্ধ আছে। সিরিজের নির্মাতা সিহান জানিয়েছেন, নতুন প্রযোজক নিয়ে আগামী বছর আবার সিরিজটির কাজ শেষ করা হবে।    

এদিকে, চলতি বছরের এপ্রিলে বাপ্পারাজ মেহেদী হাসান হৃদয়ের নির্মাণে 'বিদায়' সিনেমায় যুক্ত হয়েছেন এবং শুটিংও করেছেন। এই সিনেমাটিও এখনো নির্মাণাধীন।     

'গুলশানের চামেলি' সিনেমার চিত্রনাট্য রাজনীতি, ক্ষমতার অপব্যবহার আর অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে। 

চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। 

অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার।  

এই সিনেমা দিয়ে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের বাংলাদেশি সিনেমার যাত্রা শুরু হচ্ছে। আর এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর কাজে ফিরছেন আমিন খান।

এতে আরও অভিনয় করবেন বাংলাদেশের রোজিনা, আমিন খান, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।