১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিঃসঙ্গতা ও একটি বিড়ালের গল্প বলবে ‘লাভ সিটার’

এ গল্পে বিড়ালের ভূমিকাই গুরুত্বপূর্ণ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 11:58 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

দুটি একাকী মানুষ ও বিড়ালের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। 

এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। তাদের সঙ্গে আছে একটি বিড়াল, ‘লাভ সিটারের’ গল্পে যার ভূমিকাই গুরুত্বপূর্ণ। 

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিনেমাটি। বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি জানিয়েছে, ঈদের তৃতীয় দিন প্রচারে আসবে ‘লাভ সিটার’।

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও তার স্ত্রী মুশফিকা মাসুদ; চিত্রনাট্যও লিখেছেন এই দম্পতি। 

মুশফিকা মাসুদ বলেন, "এই শহরে প্রতিদিন বহু প্রাণী অসহায়ভাবে ঘুরে বেড়ায় একটু মায়া, একটু আশ্রয়ের আশায়। অথচ আমরা প্রায়ই ভুলে যাই, যাকে আমরা পোষা প্রাণী বলে ভাবি, তার পুরো জীবনটাই জুড়ে থাকে সেই মানুষের সঙ্গে, যে তাকে আশ্রয় দিয়েছে।

"মানুষের জীবনে পোষা প্রাণী হয়ত একটি ছোট্ট অংশ, কিন্তু সেই প্রাণীর কাছে মানুষটিই তার পুরো পৃথিবী। এই ভাবনা থেকেই লাভ সিটারের গল্প বলতে চেয়েছি।"

তিনি বলেন, "বড় শহরের ব্যস্ততা আর নিঃসঙ্গতার মাঝখানে কখনো কখনো অদ্ভুত কিছু সম্পর্ক তৈরি হয় যেগুলো খুব সাধারণ, কিন্তু গভীরভাবে মানবিক। আবির, হৃদি ও একটি ছোট বিড়াল হিপনোসিস এই তিন চরিত্রের মধ্য দিয়ে আমরা সেই মায়া, দায়িত্ব এবং অসম্পূর্ণ ভালোবাসার গল্পটিই খুঁজে দেখার চেষ্টা করেছি।"

সিনেমাটি নিয়ে নির্মাতা অমিতাভের ভাষ্য, তার কাছে এই ওয়েব ফিল্ম কেবল একটি সম্পর্কের গল্প নয়, বরং সহমর্মিতার একটি ছোট্ট স্মরণ। 

“হয়ত আমরা সব প্রাণীকে আশ্রয় দিতে পারি না, কিন্তু একটু মায়া, একটু যত্ন কখনো কখনো সেটুকুই তাদের পৃথিবী বদলে দিতে পারে।"