‘ব্ল্যাক ওয়ার’ দেখবে অস্ট্রেলিয়া
আগামী ১০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত সিনেমা ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ আগামী ১০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমার অন্যতম নির্মাতা সানী সানোয়ার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরই মধ্যে অস্ট্রেলিয়ায় মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন করেছে পরিবেশনা সংস্থা বঙ্গজ ফিল্মস অষ্ট্রেলিয়া।
“যুক্তরাষ্ট্রের পর অস্ট্রেলিয়া আমাদের সিনেমার দ্বিতীয় বৃহত্তম মার্কেট হিসেবে বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। ১০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় রিলিজের মাধ্যমে ‘ব্ল্যাক ওয়ার’ বিশ্বব্যাপী রিলিজিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আশা করি, ব্ল্যাক ওয়ার অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলা ভাষাভাষীদের মন জয় করতে সমর্থ্য হবে।”
ব্ল্যাক ওয়্যার যখন অস্ট্রেলিয়ায় পা রাখছে, তখন দেশে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে।
বিষয়টি নিয়ে নির্মাতা সানী সানোয়ার বলেন, “সরকার অবশ্যই আমাদের সিনেমার সার্বিক দিক ভেবেই ভালো-মন্দ সিদ্ধান্ত নেবে।”
ব্ল্যাক ওয়ারের পরিবেশক তানিম আল মিনারুল মান্নান বলেন, “বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে স্মার্ট আর বাস্তবধর্মী পুলিশ অ্যাকশান থ্রিলার সিনেমা মিশন এক্সট্রিম। ব্ল্যাক ওয়ার সেই ধারাকে অনেক উপরে নিয়ে গেছে।
“ইতোমধ্যেই বাংলাদেশের সাধারণ দর্শকদের স্বতঃস্ফূর্ত প্রশংসা সেই ইংগিত দিচ্ছে। সিনেমাটি দেখার জন্য অষ্ট্রেলিয়ায় ববসবাসরত বাংলাদেশিরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।”
অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা তাসকিন রহমান আর সাদিয়া নাবিলার ‘দুর্দান্ত অভিনয় অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য বাড়তি উৎসাহ জুগিয়েছে’ বলে জানান মিনারুল মান্নান।
কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।
কুল নিবেদিত, মাইম মাল্টিমিডিয়া সহ-প্রযোজিত এবং ঢাকা ডিটেকটিভ ক্লাবের সহযোগিতায় নির্মিত ‘ব্ল্যাক ওয়ার’-এ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম।
আরও আছেন- হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজসহ অনেকে।
সিনেমার আইটেম গানে নেচেছেন চিত্রনায়িকা ববি হক। ১৩ জানুয়ারি সিনেমাটি দেশে মুক্তি পায়।
