সালমানের নতুন সফর শুরু
সালমান বলেন, “এ থেকে জেড, সব কিছুই পাওয়া যাবে এখানে।”
বলিউডের নায়ক সালমান খান শুরু করলেন এক আনকোরা সফর। ভাইজান খ্যাত অভিনেতার ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি মিলবে এখন হাতের কাছেই।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, কেবল বড়পর্দা বা ছোটপর্দা নয়, এ বার ইউটিউবেও অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবেন সালমান। কদিন আগে নিজের ইউটিউব চ্যানেল চালু করেছেন তিনি।
‘বিইং সালমান খান’ নামের চ্যানেল শুরুর ঘোষণা দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।
চ্যানেলে নানা ধরনের বিষয় দেখার সুযোগ পাবেন অনুরাগীরা। ইনস্টাগ্রামে নতুন চ্যানেলের কথা জানিয়ে সালমান লিখেছেন, “শুরু থেকেই শুরু করা যাক। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল। এ থেকে জেড, সব কিছুই পাওয়া যাবে এখানে।”
অভিনেতার এই ঘোষণার পরে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। অভিনেতার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজের নেপথ্যের নানা মুহূর্ত, কী কী দেখা যাবে তার চ্যানেলে, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সিনেমার শুটিংয়ের নেপথ্যের দৃশ্য থেকে শুরু করে আগে কখনও প্রকাশ্যে না-আসা নানা মুহূর্তও সেখানে উঠে আসবে বলে অনুমান ভক্তদের।
চ্যানেলের ‘বায়ো’-তেও নিজের নানা পরিচয় তুলে ধরেছেন অভিনেতা। সেখানে লেখা রয়েছে, “চলচ্চিত্র অভিনেতা, শিল্পী, চিত্রকর, মানবহিতৈষী। এটি আমার নিজস্ব চ্যানেল।”
সালমানের আগে বলিউডের আলিয়া ভাট, সোনাক্ষী সিন্হা, নোরা ফাতেহী, জ্যাকলিন ফার্নান্দেজ, কৃতি শ্যানন, বরুণ ধবন, শিল্পা শেঠি এবং ফারাহ খানের মত তারকারা তাদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, ভ্রমণের অভিজ্ঞতা, শারীরচর্চা ইত্যাদি তুলে ধরেন ইউটিউব চ্যানেলে। দক্ষিণী সিনেমার তারকা আল্লু অর্জুন এবং মোহনলালেরও নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে।
কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় কাটছে সালমানের। ছোটপর্দায় ‘বিগ বস ২০’-র সঞ্চালনা করছেন তিনি।
