১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কিছুটা উন্নতি হলেও ‘শঙ্কামুক্ত নন’ ফরিদা পারভীন

ফরিদা পারভীনের শরীরে সংক্রমণের মাত্রা বেশি হওয়ার কারণে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) অতিরিক্ত ভিজিটর না যেতে বলা হয়েছে।

কিছুটা উন্নতি হলেও ‘শঙ্কামুক্ত নন’ ফরিদা পারভীন
ফরিদা পারভীন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 08:41 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

লালনশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী।

বৃহস্পতিবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্বাস্থ্য সচিবের নির্দেশনায় বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড দ্বিতীয় দফা ফরিদা পারভীনের শারীরিক অবস্থা দেখে চিকিৎসা বিষয়ে পরামর্শ দিয়েছেন।

“এই বোর্ডে কিডনি, বক্ষব্যাধি, হৃদরোগ বিশেষজ্ঞরা আছেন। স্বাস্থ্যসচিবের প্রতিনিধিও আছেন। বুধবার রাতে মেডিকেল বোর্ড প্রথম দেখেছিল, আর আজকেও উনাকে দ্বিতীয় দফায় দেখেছে। গতকালের চেয়ে আজকে কিছুটা উন্নতি হয়েছে, তবে শঙ্কামুক্ত বলা যাবে না।”

কয়েক দিন ধরে ঢাকার মহাখালীর এই হাসপাতালে চিকিৎসাধীন শিল্পী ফরিদা পারভীন। শারীরিক অবস্থা ভালো না হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফরিদা পারভীনের শরীরে সংক্রমণের মাত্রা বেশি হওয়ার কারণে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) অতিরিক্ত ভিজিটর না যেতে বলা হয়েছে। ফরিদা পারভীনের পরিবার থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে, হাসপাতালে ভিড় না করতে।

৭১ বছর বয়সী ফরিদা পারভীন শুধু কিডনি সমস্যা নয়, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে। মাঝেমাধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে।

ফরিদা পারভীনের শারীরিক অসুস্থতা নিয়ে গত ৩ জুলাই খবর প্রকাশ করেছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তখন বাসাতেই চিকিৎসা চলছিল, পরে অবস্থার অবনতি হলে শনিবার হাসপাতালে নেওয়া হয়।

ফরিদা পারভীনের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর কেউ কেউ সরকারকে এই শিল্পীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পরে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ফরিদা পারভীনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ফরিদা পারভীনের পরিবারকে আর্থিক সহযোগিতা করতে চাইলেও পরিবার তরফে বলা হয়, তারা চিকিৎসার ব্যয় মেটাতে সক্ষম। 

সরকারের কাছে ফরিদার পারভীনের পরিবার বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড করার অনুরোধ জানান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বুধবার ফরিদা পারভীনকে দেখতে গিয়ে উন্নত চিকিৎসায় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান। 

এরপর বুধবার রাতেই মেডিকেল বোর্ড গঠন করা হয়। এখন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ফরিদা পারভীনের চিকিৎসা প্রক্রিয়া চলছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

নজরুলসংগীত ও দেশাত্মবোধক গান শুরুর পর লালনসংগীত দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পান ফরিদা পারভীন। সাধক মোকসেদ আলী শাহর কাছে তিনি লালনসংগীতের তালিম নেন।

সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান ফরিদা পারভীন। ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পান তিনি।

বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ১৯৯৩ সালে।

ফরিদা পারভীনের কণ্ঠে লালনের গানের যে চর্চা হয়ে এসেছে গেল পাঁচ দশক ধরে, সেটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে প্রায় ১৬ বছর আগে তিনি প্রতিষ্ঠা করেন 'অচিন পাখি সংগীত একাডেমি'।

কিন্তু শারীরিক অসুস্থতা, প্রতিষ্ঠানের আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়া, এবং নিজস্ব ভবন না থাকায় এ প্রতিষ্ঠানটিও টিকে থাকার লড়াইয়ে জর্জরিত।

আগের খবর 

ফরিদা পারভীনের চিকিৎসা: প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান ফখরুল

অর্থ নয়, 'চিকিৎসা সহযোগিতা' চায় ফরিদা পারভীনের পরিবার

ফরিদা পারভীনকে নিয়ে 'ভুয়া খবর' না ছড়ানোর অনুরোধ পরিবারের

আবারও অসুস্থ ফরিদা পারভীন, প্রয়োজন উন্নত চিকিৎসার

ফরিদার 'অচিন পাখি' বাঁচবে তো?

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ফরিদা পারভীন 

শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে ফরিদা পারভীন