১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ফরিদা পারভীন

"ফরিদা সুস্থ আছেন, বাড়িতে ফিরে চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে আছেন।"

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ফরিদা পারভীন
লালনগীতি শিল্পী ফরিদা পারভীন

বিডিনিউজ২৪

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2025, 09:37 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

হাসপাতালে ১৩ দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন লালনগীতি শিল্পী ফরিদা পারভীন। 

এই শিল্পী বাসায় ফিরেছেন শুক্রবার রাতে।

এই গায়িকার স্বামী যন্ত্রসংগীত শিল্পী গাজী আবদুল হাকিম গ্লিটজকে বলেন, "ফরিদা সুস্থ আছেন, বাড়িতে ফিরে চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে আছেন।"  

এই শিল্পীর শারীরিক অবস্থা গানে ফেরার মত হয়েছে কী না তা জানতে চাইলে তিনি বলেন, "পুরোপুরি সুস্থ হতে তো কিছুটা সময় লাগবেই। গানে ফেরা বা কাজে ফেরা সেটা পরিস্থিতি বা সময় বলে দিবে। সবাই দোয়া করবেন।"

গত ২ ফেব্রুয়ারি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফরিদা পারভীন।

ভর্তি করার পর তাকে আইসিইউতে রাখা হয়।  

দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছেন ফরিদা পারভীন। সেজন্য বিদেশেও চিকিৎসা নিয়েছেন।

তার অসুস্থতার খবর আসার পর তার মেয়ে দিহান ফারিয়া গ্লিটজকে বলেছিলেন, আপাতত ‘চিন্তার কিছু নেই’ ।

ফারিয়া আরও বলেছিলেন, "আম্মার অনেকদিন ধরেই কিডনির সমস্যা, এটা রেগুলার টেস্টের মতই। অনেক দিন ধরেই তো কিডনি সমস্যায় ভারত ও থাইল্যান্ডে চিকিৎসা করানো হয়েছে।"

নজরুলসংগীত ও দেশাত্মবোধক গান শুরুর পর লালনসংগীত দিয়ে শ্রোতাদের কাছে বেশ পরিচিতি পান ফরিদা পারভীন।

সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতের তালিম নেন।

সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান ফরিদা পারভীন। ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পেয়েছেন তিনি।

বেশ কয়েকটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।

আরও পড়ুন

ফরিদা পারভীন আগের চেয়ে সুস্থ, জানালেন মেয়ে

শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে ফরিদা পারভীন