জুলাই অভ্যুত্থানে দিনব্যাপী সম্মিলন করবে ‘দৃশ্যমাধ্যম সমাজ’
কর্মসূচির মধ্যে রয়েছে শহীদি মিছিল, লাইভ গ্রাফিতি, থিয়েটার পারফর্ম্যান্স, গান, কবিতা, চলচ্চিত্র প্রদর্শনী, পোস্টার-মিম প্রদর্শনী এবং আলোচনা সভা।
জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন: জুলাই গণঅভ্যুত্থান ও সাংস্কৃতিক নির্মাণ’ শিরোনামে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ‘দৃশ্যমাধ্যম সমাজ’।
চলচ্চিত্র, সংগীতশিল্প, আলোকচিত্র, থিয়েটারসহ শোবিজের নানা অঙ্গনের কর্মীদের এ সংগঠন বলছে, আগামী ২ অগাস্ট বাংলাদেশ জাতীয় জাদুঘরে তারা এ সম্মিলন আয়োজন করবে।
রোববার জাতীয় নাট্যশালায় সংবাদ সম্মেলনে এসে সংগঠনের সদস্যরা বলেন, শহীদি মিছিল, লাইভ গ্রাফিতি, থিয়েটার পারফর্ম্যান্স, গান, কবিতা, চলচ্চিত্র প্রদর্শনী, পোস্টার-মিম প্রদর্শনী এবং আলোচনা সভার মাধ্যমে জুলাই অভ্যুত্থান পালন করবেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আকরাম খান, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, ফারিহা শামস সেওতি এবং সরকার প্রতীক।
লিখিত বক্তব্যে বলা হয়, "জুলাই গণ–অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আমরা এক বিশেষ কর্মসূচি আয়োজন করতে যাচ্ছি। যেখানে দৃশ্যমাধ্যম সমাজের সচেতন, সৃজনশীল ও প্রতিশ্রুতিশীল সদস্যরা অংশগ্রহণ করবেন।
“জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও সাংস্কৃতিক বিনির্মাণের কাজ অব্যাহত রাখতে 'কইলজ্যা কাঁপানো ৩৬ দিন: জুলাই গণ–অভ্যুত্থান ও সাংস্কৃতিক নির্মাণ' শিরোনামে দৃশ্যমাধ্যম সমাজের সাংস্কৃতিক সম্মিলনের ঘোষণা করা হচ্ছে।"
কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন জাহিন ফারুক আমিন ও ধ্রুব হাসান। সঞ্চালনায় ছিলেন তাসলিমা আখতার।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজমেরি হক বাঁধন, তানিম নূর, শাহীন দিল-রিয়াজ, মুনেম ওয়াসিফ, ড. সামিনা লুৎফা ও কৃষ্ণকলি ইসলাম।
