Published : 09 Sep 2026, 11:08 AM
সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার মাঝে মানুষের জটিল মনস্তাত্ত্বিক টানাপড়েন এবং সম্পর্কের হিসাব-নিকাশের গল্প নিয়ে মঞ্চে আসছে নাটক ‘বিবিধ শোক অথবা সুখ’।
নাট্যদল ‘অনুস্বর’ এর প্রযোজনায় আগামী শুক্রবার সেগুনবাগিচায় নিজস্ব স্টুডিওতে প্রদর্শিত হবে নাটকটি। বিকেল সাড়ে ৫টা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় পরপর দুটি প্রদর্শনী হবে।
ইংরেজ নাট্যকার ডেভিড হেয়ারের ‘দ্য ভার্টিক্যাল আওয়ার’ অনুসরণে আবদুস সেলিমের লেখা ‘প্রলম্বিত প্রহর’ নাটকটি পুনর্লিখন ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন।
নাটকের গল্পে দেখা যাবে, বিশোর্ধ্ব এক যুবকের অনায়াস প্রেম এবং অন্যদিকে নানাভাবে ঠকে যাওয়া পঁয়ত্রিশোর্ধ্ব এক নারীর সংঘাত এড়িয়ে একটি মসৃণ জীবন বেছে নেওয়ার চেষ্টা।
জীবনের জটিল নাট্যমঞ্চে প্রেমের প্রস্তাবের সরলতা কিংবা প্রত্যাখ্যাত হয়েও সাবলীল থাকার ‘কৌশল’ মানুষ কীভাবে বিদ্যমান রাজনৈতিক সমাজ-বাস্তবতা থেকে শিখছে, তা তুলে ধরেছে এ নাটক।
প্রবহমান জীবনের কোনো একটি সিদ্ধান্ত কি গোটা জীবনের মোড় ঘুরিয়ে দেয়, নাকি মানুষ প্রতিক্ষণে নিজের কাছ থেকেই পালায়? সম্পর্কের রাজনীতি কেবলই একটি ফাঁদ, নাকি তা বেঁচে থাকার কৌশল? জীবনের শোক ও সুখের এই সমীকরণ ফুটিয়ে তোলা হয়েছে অনুস্বরের প্রযোজনায়।
নাট্যদল অনুস্বর জানিয়েছে, এই গল্পকে দর্শকের একদম কাছাকাছি নিয়ে যেতে নাট্যাভিজ্ঞতায় যোগ করা হয়েছে ‘ইন্টিমেট থিয়েটার’ বা অন্তরঙ্গ মঞ্চভাবনা।
এটি মূলত এমন এক মঞ্চ ব্যবস্থাপনা, যেখানে ছোট কক্ষে অল্পসংখ্যক দর্শক নিয়ে নাটক প্রদর্শিত হয়। তাতে অভিনেতা ও দর্শকের দূরত্ব থাকে কম।
অভিনেতাদের চোখের দৃষ্টি, শ্বাস-প্রশ্বাস, শরীরের সূক্ষ্ম নড়াচড়া কিংবা কণ্ঠের ক্ষীণ পরিবর্তনও দর্শকের কাছে সরাসরি পৌঁছে দিয়ে তৈরি করা হয় সরাসরি ও নিবিড় নাট্যাভিজ্ঞতা।