শুটিংয়ের আগে বরফের টুকরো চিবিয়ে তেষ্টা মেটাতেন বিজয়
শরীরকে আরও পেশিবহুল দেখাতে শুটিংয়ের আগে পানি পান করার পরিমাণ ধাপে ধাপে কমানো হত বিজয়কে।
সিনেমার চরিত্র হয়ে উঠতে কেউ ওজন ঝরান, কেউ আবার বাড়ান। বদলাতে হয় খাদ্যাভ্যাসও। তেমনি একটি গল্প বলেছেন দক্ষিণী তারকা বিজয় দেবরাকোণ্ডা।
এনডিটিভি জানিয়েছে, ‘লাইগার’ সিনেমার জন্য নিজেকে বদলাতে হয়েছিল বিজয়কে। তা হল, যেখানে দিনভর চার থেকে ছয় লিটার পানি পান করা অভ্যাস ছিল বিজয়ের, তাতে বদল এনে মাত্র ১০০ মিলিলিটার পানি পান করতেন শুটিংয়ের দিনগুলোয়। কেবল তাই নয়, প্রতিদিন শুটিংয়ের আগে টানা দশ ঘণ্টা পানি না খেয়েও থাকতে হত তাকে।
বিজয় বলেন, যোদ্ধার চরিত্রে অভিনয়ের জন্য শরীরকে আরও পেশিবহুল দেখাতে শুটিংয়ের আগে পানি খাওয়ার পরিমাণ ধাপে ধাপে কমানো হত।
“ধীরে ধীরে পরিমাণ কমিয়ে তা তিনশো মিলিলিটারে আনা হয়। পরে সেই পরিমাণ একেবারে কমিয়ে ১০০ মিলিলিটারে দাঁড় করানো হয়। তখন তেষ্টা মেটাতে শেষ পর্যন্ত বরফের টুকরো মুখে রাখতাম।”
তৃষ্ণা মেটানোর পদ্ধতিটি মোটেই সহজ ছিল না জানিয়ে বিজয় বলেন, সবচেয়ে বড় কথা এটি স্বাস্থ্যকরও নয়। কখন শুটিং শেষ হবে, কেবল সেই অপেক্ষাতেই থাকতেন তিনি।
‘লাইগার’ মুক্তি পায় ২০২২ সালে। হিন্দি ছাড়া তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষতেও মুক্তি পেয়েছিল ‘লাইগার’।
‘লাইগার’ পরিচালনা করেছেন দক্ষিণের পরিচালক পুরী জগন্নাথ। সিনেমায় বিজয়ের নায়িকা হয়েছিলেন অনন্যা পাণ্ডে।
