‘প্রিয় বাবা’ অ্যালান আরকিনের মৃত্যু
১৯৩৪ সালে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে জন্ম নেওয়া অ্যালান মঞ্চনাটক দিয়ে ক্যারিয়ার শুরু করেন।
বহুমুখী প্রতিভার অধিকারী অস্কারজয়ী ‘লিটল মিস সানশাইন’ অভিনেতা অ্যালান আরকিন মারা গেছেন।
গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে; তার বয়স হয়েছিল ৮৯ বছর।
মৃত্যুর আগে তিনি স্ত্রী সুজান, তিন ছেলে ম্যাথিউ, অ্যান্টনি ও অ্যাডাম আরকিন ও তাদের ছেলে-মেয়েকে রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহঅভিনেতারাও; কেউ কেউ তাকে হলিউড সিনেমার প্রিয় ‘বাবা’ চরিত্র বলে বর্ণনা করেন।
পরিবারের পক্ষে সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে তার তিন ছেলে বলেছেন, শিল্পী হিসেবে তাদের বাবা অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন। পারিবারিক জীবনে একজন যত্নশীল মানুষ হিসেবে তাকে সবসময় মনে পড়বে।
সিএনএন জানায়, কমেডি থেকে শুরু করে মঞ্চ নাটক, সিনেমা ও গানসহ নানা বিষয়ে তার বহুমুখী প্রতিভা প্রকাশ পেয়েছে।
২০০৭ সালে ‘লিটল মিস সানশাইন’ এ অভিনয়ের জন্য অস্কার পান তিনি।
এদিকে সিনেমা হিসেবে প্রথম অভিনয়ের জন্য অস্কার মনোনীত কয়েকজনের মধ্যে একজন তিনি।
১৯৬৬ সালে যুদ্ধ কমেডি সিনেমা ‘দ্য রাশিয়ানস আর কামিং, দ্য রাশিয়ানস আর কামিং’ এ রোজানভ চরিত্রে অভিনয়ের জন্য তিনি অস্কারের মনোনয়ন পান, যেটি তার ক্যারিয়ারের প্রথম সিনেমা।
পরবর্তীতে তিনি দ্য হার্ট ইজ আ লোনলি হান্টার (১৯৬৭), ও ‘আর্গো’ (২০১২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কার মনোনয়ন অর্জন করেন।
সবশেষ আরকিন নেটফ্লিক্সের ‘দ্য কোমিনস্কি মেথড’ সিরিজের জন্য এমি, গোল্ডেন গ্লোব ও এসএজি পুরস্কারের জন্য মনোনীত হন।
আরকিনের মৃত্যুতে ভায়োলা ডেভিস ও প্যাটন অসওয়াল্টসহ সহঅভিনেতারা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
ভায়োলা ডেভিস তার ইনস্টাগ্রামে বলেন, “আরকিন অভিনয়ের মাধ্যমে একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। তার অভিনয়ের মাধ্যমে শিল্পের যেই মর্যাদা ও ক্ষমতা রয়েছে তা ভালোভাবে অনুধাবন করা যায়।”
অসওয়াল্ট তার টুইটে বলছেন, “অ্যালান আরকিনের পরিসীমা ছিল বিস্তৃত। কখনও হাস্যকার, কখনও অশুভ-উন্মাদ এবং কখনও দুঃখের অভিনেতা ছিলেন তিনি।”
আরেক সহঅভিনেতা নাতাশা লিওন, যিনি ‘স্লামস অব বেভারলি হিলস’ এ আরকিনের সঙ্গে অভিনয় করেন, তিনি বলেছেন, “অ্যালান ছিলেন চলচ্চিত্রের প্রিয় ‘বাবা’ এবং সর্বকালের নায়ক। এই মিষ্টি, উজ্জ্বল মানুষটিকে খুব ভালোবাসি।”
১৯৩৪ সালে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন অ্যালান; এরপরই পরিবারের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান। সেখানে মঞ্চ নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি।
পরবর্তীতে বেনিংটন কলেজে পড়াশুনা শুরু করেন আরকিন। তবে একটি সংগীত দল তৈরি করার জন্য তিনি কলেজে পড়াশুনা সম্পন্ন করেননি। ওই গানের দলটি খুব বেশিদিন একসঙ্গে না থাকলেও ১৯৫৭ সালে ‘দ্য ব্যানানা বোট সং’ গানটি তখন ব্যাপক জনপ্রিয়তা পায়।
এরপরে ১৯৬৩ সালে জোসেফ স্টেইনের ‘এন্টার লাফিং’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হন অ্যালান। এই চরিত্রে অভিনয় করে টনি অ্যাওয়ার্ডও জিতেন তিনি।
ক্যারিয়ারে পরবর্তীতে তিনি সেকেন্ড সিটি ইম্প্রোভাইজেশনাল নাটক দলের একজন প্রতিষ্ঠাতা সদস্য হন এবং ‘দ্য বেবিসিটার’ নামে একটি ব্যান্ডের সঙ্গে কয়েকটি ছোটদের গানের অ্যালবাম বের করেন।
তবে ওই সময়ে অভিনয়েও মনোনিবেশ ছিল তার। ১৯৬৩ সালে টনি অ্যাওয়ার্ডের পর ১৯৬৮ সালে ‘লিটল মার্ডার’ নাটকে নির্দেশনার জন্য ড্রামা ডেস্ক অ্যাওয়ার্ড পান। একই নামে পরবর্তীতে একটি সিনেমাও পরিচালনা করেন অ্যালান।
আরকিন নিল সাইমনের ‘দ্য সানশাইন বয়েজ’ এর মূল ব্রডওয়ে সংস্করণটিও পরিচালনা করেছিলেন, যেটি ৫০০ বারেরও বেশি সময় প্রদর্শিত হয়েছে।
