তামিল সিনেমার সংগীত পরিচালনায় এ আর রহমানের মেয়ে
চলতি বছরের শেষ দিকেই মুক্তি পাবে ‘মিনমিনি’
এতদিন সংগীত শিল্পী হিসেবে পরিচিতি ছিল ভারতের অস্কার জয়ী সুরস্রষ্টা এ আর রহমানের মেয়ে খাতিজা রহমানের। বাবার পথ ধরে এবার তিনিও এলেন সংগীত পরিচালনায়।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তামিল সিনেমা ‘মিনমিনি’র সংগীত পরিচালনা করছেন খাতিজা।
তাকে ‘প্রতিভাবান’ হিসেবে বর্ণনা করে সিনেমার পরিচালক হালিথা শামীম এক টুইটে লিখেছেন, “খাতিজার মত একজন অসাধারণ শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি। খুব ভালো লাগছে। এত অসাধারণ সুরও করতে পারেন খাতিজা! দুর্দান্ত কিছু গান আসতে চলেছে।“
‘মিনিমিনি’র নির্মাতার পোস্টে খাতিজাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে শুভেচ্ছায় ভাসিয়েছেন সোশাল মিডিয়া ব্যবহারকারীরা।
একজন মন্তব্য করেছেন, “খাতিজার গানের ভক্ত ছিলাম। এবার কম্পোজিশনও শুনতে পাব। কী দারুণ ব্যাপার!”
‘বিস্ময়কর! অপেক্ষায় থাকলাম’, লিখেছেন আরেকজন।“
খাতিজার সুরকারের খাতায় নাম লেখানোর ইতিহাস জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
খাতিজা বলেছেন, সংগীত পরিচালায় আসার কোনো পরিকল্পনা তার ছিল না।
“গতবছরও ভাবছিলাম, গান গাওয়ার পাশপাশি আর কী কী করা যায়। কারণ আমার মনে হত, আরও কিছু করা যেতেই পারে। সে সময় হঠাৎ করে হালিথা ম্যামের কাজের খবর পাই, শুনেছিলাম তিনি তরুণ সুরকারের খোঁজ করছেন। তখন ভাবলাম তাহলে হলিথা ম্যামকে সরাসরি বলি।
“তাই আমি ম্যামকে ফোন করে বলেছিলাম যে তিনি আমাকে কাজের একটা সুযোগ দিতে পারেন কী না। উনাকে এও বলেছিলাম, আমার কাজের নিজস্ব একটি বৈশিষ্ট্য আছে। এ কথা শোনার পর তিনি বলেছিলেন, তিনি সেটাই চাইছেন।“
নির্মাতা হালিথা বলেছিলেন, খাতিজার গান তিনি শুনেছেন। খাতিজা চাইলে তার সিনেমার কাজ করতে পারে।
চলতি বছরের শেষ দিকেই মুক্তি পাবে ‘মিনমিনি’। সমাজের শ্রেণিগত বৈষম্য, মানুষে-মানুষে সম্পর্ক এবং প্রেমের গল্পের এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন এস্টার অনিল। এছাড় গৌরব কালাই ও প্রবীণ কিশোরসহ একঝাঁক শিল্পীকে এ সিনেমায় জড়ো করেছেন হালিথা।
