চুমুর ভিডিওতে ফাঁস বাহুবলী তারকা তামান্নার প্রেম
তামান্না দক্ষিণী অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেম করছেন, এমন গুঞ্জন থাকলেও তার শক্ত ভিত্তি মিলছিল না।
এক সময় তারকারা তাদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পারলেও এখন যে তার আর জো নেই, তা হাড়ে হাড়ে বুঝতে পারার কথা তামান্না ভাটিয়ার।
বাহুবলী তারকা দক্ষিণী অভিনেতা বিজয় বর্মার সঙ্গে প্রেম করছেন, এমন গুঞ্জন থাকলেও তার শক্ত ভিত্তি মিলছিল না। তবে এখন তাদের ঠোঁটে ঠোঁট মেলানোর একটি ভিডিও সোশাল মিডিয়ায় চলে এসেছে।
গোয়ায় অবকাশ কাটানোর ফাঁকে নতুন বছর উদযাপনের এক পার্টিতে তাদের ঘনিষ্ঠতার এই মুহূর্তটি কেউ ক্যামেরাবন্দি করে ফেলেন বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
এই যুগলকে বন্দি করা ওই ভিডিওতে তামান্নাকে দেখা যায় গোলাপি রঙের পোশাকে, আর বিজয়ের গায়ে সাদা শার্ট। তাদের একসঙ্গে নাচতেও দেখা গেছে।
তামিল ও তেলেগু সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্নার সঙ্গে বিজয়ের প্রেমের গুঞ্জন চলছে বেশ কিছু কাল ধরেই। গত ২১ ডিসেম্বর তামান্নার ৩৩তম জন্মদিনে তার বাড়িতেও হাজির ছিলেন বিজয়।
তবে প্রেমের কথা তারা কেউ স্বীকার করছেন না।
বাহুবলীর কারণে তামান্নার পরিচিতি ভারত ছাড়িয়ে গেছে। তামান্না ও বিজয় একসঙ্গে অ্যানথোলজি ওয়েব সিনেমা ‘লাস্ট স্টোরিজ টু’-তে অভিনয় করেছেন। সুজয় ঘোষের ছবিটিতে অভিনয় করতে গিয়েই পরস্পরের কাছাকাছি আসেন তারা, শুরু হয় প্রেমের সম্পর্ক।
তামান্নাকে সর্বশেষ দেখা গেছে মাধুর ভাণ্ডারকরের বাবলি বাউন্সারে, যা মুক্তি পেয়েছে ওটিটিতে।
