‘মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া’য় বাংলাদেশিরাও
কেয়া শেঠের তত্ত্বাবধানে আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া’য় অংশ নিতে পারবেন বাংলাদেশের প্রতিযোগীরা।
ভারতের বিউটি এক্সপার্ট কেয়া শেঠের তত্ত্বাবধায়নে আয়োজিত ‘মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া’য় বাংলাদেশি প্রতিযোগীরাও অংশ নিতে পারবেন। ২৭ জুলাই কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়া ২০১৩’ প্রতিযোগিতা।
আয়োজকদের বাংলাদেশের মুখপাত্র জানান, প্রতিযোগিতায় বাংলাদেশের মিস ও মিসেসরা অংশগ্রহণ করতে পারবেন। ইমেইলে আবেদন করার ঠিকানা : adwitiyamagazine@gmail.com. আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৩০ জুন পর্যন্ত।
এ প্রসঙ্গে কেয়া শেঠ মুখপাত্রের মাধ্যমে জানিয়েছেন, ২০১২ থেকে মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়ার প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। তারা এখানে প্রতিভার স্বাক্ষর রেখেছে। অনেকে পুরস্কৃত হয়েছে। তাই কেয়া শেঠ চান এবারও বাংলাদেশের প্রতিযোগীরা অংশ নিক। গ্র্যাণ্ড ফিনালের জন্য যেসব প্রতিযোগী নির্বাচিত হবেন তাদের কলকাতায় যাওয়া আসাসহ থাকা-খাওয়ার সব খরচ বহন করবে আয়োজক কর্তৃপক্ষ।
আবেদনকারীদের প্রত্যেককে পাঁচটি ভিন্ন পোশাক ও ভিন্ন ভঙ্গিমায় পোস্টকার্ড সাইজের ফটোগ্রাফ পাঠাতে হবে। মিসদের ক্ষেত্রে বয়সের প্রমাণপত্র লাগবে (বয়সসীমা : ১৮-২৫ বছর)। শরীরের উচ্চতা, ওজন ও ত্বকের রং উল্লেখ করতে হবে। জুতার পরিমাপ জানানো বাঞ্ছনীয়। প্রতিযোগী যদি গান, নাচ, আবৃত্তি, মডেলিং, অভিনয়, অঙ্কন বা অন্য কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন তা উল্লেখ করতে হবে বলে জানান মুখপাত্র।
