১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দেশের ‘ড্রেইন্ড বাই ড্রিমস’ পুরস্কার জিতল হিউম্যান স্ক্রিন ফেস্টে

সিনেমাটি আগামী বছর ২৪তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দেখানো হবে।

দেশের ‘ড্রেইন্ড বাই ড্রিমস’ পুরস্কার জিতল হিউম্যান স্ক্রিন ফেস্টে
তিউনিসিয়ার উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘ড্রেইন্ড বাই ড্রিমস’। ছবি: পরিচালকের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 12:22 AM

Updated : 26 Aug 2026, 05:08 PM

মানবাধিকারভিত্তিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘হিউম্যান স্ক্রিন ফেস্টিভ্যালে’ সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছে বাংলাদেশি নির্মাতার সিনেমা 'ড্রেইন্ড বাই ড্রিমস'।    

উত্তর আফ্রিকার তিউনিসিয়ায় নভেম্বরের ১১ থেকে ১৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এই উৎসব। সেখানকার জুরি বোর্ড দুইটি সিনেমাকে যৌথভাবে সেরা চলচ্চিত্র ঘোষণা করেছে।

চলচ্চিত্র দুইটি হল 'ড্রেইন্ড বাই ড্রিমস', যা নির্মাণ করেছেন পরিচালক শেখ আল মামুন। আরেকটি চলচ্চিত্রের নাম 'সামিয়া'।  ইউরোপের পরিচালক ইয়াসেমিন শামদেরেলি ‘সামিয়া’ বানিয়েছেন।

পরিচালক শেখ আল মামুন জানিয়েছেন, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো দুই হাজারের বেশি চলচ্চিত্রের মধ্য থেকে ৩২টি দেশের ৫৫টি সিনেমা উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়। 

উৎসবে লিঙ্গ সমতা, জাতিগত ন্যায়বিচার এবং পরিবেশগত ন্যায়বিচারসহ নানা মানবাধিকার ইস্যুকে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র, আখ্যান এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। 

‘ড্রেইন্ড বাই ড্রিমস’ সিনেমাটি একটি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র। যা অভিবাসী শ্রমিকদের জীবনকাহিনী নিয়ে নির্মিত। চলচ্চিত্রটি কোরিয়ার দোহাগি ফিল্ম এবং বাংলাদেশের জলজ মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। 

পরিচালক আরও জানিয়েছেন, সিনেমাটি আগামী বছর ২৪তম ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেশের দর্শকদের দেখানো হবে।