Published : 13 Nov 2025, 01:17 PM
নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী ঘিরে টেলিভিশন চ্যানেলগুলো আয়োজন করেছে নানা অনুষ্ঠান।
বৃহস্পতিবার চ্যানেল আইয়ে দেখা যাবে হুমায়ূন আহমেদ পরিচালিত সিনেমা ‘নয় নম্বর বিপদ সংকেত’; এছাড়া এই সাহিত্যিকের গল্প অবলম্বনে নির্মিত শিশুতোষ সিনেমা ‘বোতল ভূত’ দেখা যাবে দুরন্ত টিভির পর্দায়।
চ্যানেল আইয়ে হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’

দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক দেখতে পারবেন হুমায়ূন আহমেদ নির্মিত সিনেমা ‘নয় নম্বর বিপদ সংকেত’।
এই সিনেমার গল্পে নিঃসঙ্গ ধনকুবের সোবহান সাহেবের গল্প উঠে এসেছে। যিনি এক বিশাল প্রাসাদে একা বসবাস করেন, সেখানে আছে তার ব্যক্তিগত চিড়িয়াখানা। তবুও মনটা যেন সুনসান। একদিন তিনি তার ম্যানেজারকে বলেন, ‘এই বাড়িটায় প্রাণ দরকার’।
পরদিনই গ্রাম থেকে ভাড়া আনা হয় শিশুদের। শত শিশুর চিৎকারে মুখরিত হয় বাড়িটি। আর সোবহান সাহেবের শান্ত জীবন অশান্ত হয়ে ওঠে। রাগে গুলি ছুঁড়ে সবাইকে তাড়ানোর পর গুজব ছড়িয়ে পড়ে সোবহান সাহেব মারা গেছেন! সন্তানরা ছুটে আসে, শুরু হয় ভণ্ড শোকসভা।
এরপর এই গল্প মোড় নেয় হাস্যরস আর কৌতুকে, যখন দুই জামাই মিলে শ্বশুরের জন্য পাত্রী খুঁজতে শুরু করেন।
সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, চ্যালেঞ্জার, স্বাধীন খসরু, রূপক তালুকদার, মাজনুন মিজান, ফারুক আহমেদ ও শবনম পারভীনসহ অনেকে।
সিনেমায় গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এস আই টুটুল। গানের কথা লিখেছেন হুমায়ূন আহমেদ। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গান ব্যবহার করা হয়েছে।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমার পুরো দৃশ্য ধারণ হয়েছে নুহাশ পল্লীতে।
শিশুদের জন্য ‘বোতল ভূত’

রাত ১০টায় দুরন্ত টিভিতে প্রচার হবে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত শিশুতোষ সিনেমা ‘বোতল ভূত’। সিনেমাটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন।
হুমায়ূন নামের এক দুষ্টু ছেলে এই গল্পের কেন্দ্রবিন্দু। সে ছাত্র হিসেবে ভালো নয়। তার ক্লাসে যে ছেলেটা একদম কথা বলে না, সে হল মুনির। এই ছেলেছি আবার খুব ভালো ছাত্র। মুনির হুমায়ূনকে একদিন জিজ্ঞেস করে, ভূত পুষবে নাকি? একদিন অবিকল রবীন্দ্রনাথের মত দেখতে এক ব্যক্তি বোতলে ভরে নিয়ে এসে ভূত উপহার দিল হুমায়ূনকে। এই ভূত আর হুমায়ূনকে নিয়েই ঘটে মজার কাণ্ড।
‘বোতল ভূতের' বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, আব্দুল্লাহ রানা, খলিলুর রহমান কাদেরী, ওয়াসেক, শাহনাজ সুমি, আফরোজা বেগম, মতিউর রহমান মতি, মো. ইব্রাহিম, প্রিনন, ঋত, জয়েত, নীল, জারিফ, অনিন্দ্য, নির্জন, আনন, ধ্রুব, জিহাদ, সায়রী, জয়শ্রী ও তাহজীব।