২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছায়ানটে উৎসব: ‘সহিষ্ণু সমাজ গড়তে রবীন্দ্রনাথের কাছে যেতে হবে’

সারওয়ার আলী বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি যখন রবীন্দ্রনাথ বুঝতে পেরেছেন, তা নিয়ে তিনি লিখেছেন। সভ্যতার সংকটের নানা বিষয় তার লেখায় উঠে এসেছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 12:37 AM

Updated : 26 Aug 2026, 12:40 PM

শান্তির আকাঙ্ক্ষায় বিশ্ববাসীকে জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেছেন, যুদ্ধের বিরুদ্ধে রবীন্দ্রনাথের অবস্থান এখনো প্রাসঙ্গিক।

তার ভাষায়, “সহিষ্ণু সমাজ গড়তে হলে রবীন্দ্রনাথের কাছে আরো বেশি করে যেতে হবে এবং রবীন্দ্রচর্চা বাড়াতে হবে।”

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে রবীন্দ্র উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় বক্তব্য দেন সারওয়ার আলী।

এর আগে সম্মেলক নৃত্যগীত 'হে নূতন দেখা দিক আরবার' পরিবেশনের মধ্য দিয়ে সূচনা হয় দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসবের। মিলনায়তনের দর্শক সারিতে ছিল না তিঁল ধারণের ঠাঁই। কেউ কেউ মিলনায়তনের ভেতরে জায়গা না পেয়ে মিলনায়তনের বাইরে বসে পর্দায় অনুষ্ঠান উপভোগ করেন।

কথন পর্বে ছায়ানটের নির্বাহী সভাপতি বলেন, "মানুষের গভীরতম অনুভূতি রবীন্দ্রনাথের গানে, কবিতায় উঠে এসেছে। হিংসা, বিদ্বেষ যে মানব সভ্যতাকে পেছনের দিকে নিয়ে যাচ্ছে, তা নিয়ে রবীন্দ্রনাথ উদ্বেগ, উৎকণ্ঠিত ছিলেন।"

রবীন্দ্রনাথের যুদ্ধবিরোধী অবস্থান ‘এখনো প্রাসঙ্গিক’ মন্তব্য করে সারওয়ার আলী বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পদধ্বনি যখন রবীন্দ্রনাথ বুঝতে পেরেছেন, তা নিয়ে তিনি লিখেছেন। সভ্যতার সংকটের নানা বিষয় তার লেখায় উঠে এসেছে।

"সংকটে কিংবা উল্লাসে আমরা রবীন্দ্রনাথকে সব সময় পাশে পেয়েছি। যখন আমাদের কথাগুলো নির্ভয়ে বলতে গেলে শঙ্কা জাগে। যখন আমরা হতাশ হই, তখন রবীন্দ্রনাথ আমাদের আশার বাণী শোনান- মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।"

বাংলাদেশের সামজিক বাস্তবতায় এবং বিশ্ব পরিসরেও রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক মন্তব্য করে সারওয়ার আলী বলেন, "রবীন্দ্রনাথ বাংলা ভাষা সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। রবীন্দ্রনাথের জীবন ও কর্ম বিশ্বজুড়ে মানবতার বার্তা দিয়েছে।"

উৎসবে প্রথম দিনে ছিল ছায়ানটের বিশেষ পরিবেশনা 'রূপে রূপে অপরূপ’। এদিন একক কণ্ঠে গান শোনান মহাদেব ঘোষ। তিনি শোনান 'জীবনে আমার যত আনন্দ'।

পরে ইফ্ফাত বিনতে নাজিরের কণ্ঠে 'ওগো শোনো কে বাজায়' গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সামিনা হোসেন প্রেমা।

স্বাতী বিশ্বাস শোনান 'দয়া দিয়ে হবে গো মোর'। এছাড়া সম্মেলক কণ্ঠে গান শোনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিল্পীরা। তারা শোনান- 'ওই আসন তলে' এবং 'এবার তোর মরা গাঙে'।

দেওয়ান সাইদুল হাসান আবৃত্তি করেন 'জীবন দেবতা' এবং পলি পারভীন আবৃত্তি করেন 'আমি'।

মানসী সাধু গেয়ে শোনান 'আমি তোমারই মাটির কন্যা', মেজবাহুল আযম মঞ্জু শোনান 'প্রখর তপন তাপে'।

এছাড়া ছায়ানটের ছোটদের দলের পরিবেশনায় ছিল সম্মেলক গান 'আপন হতে বাহির হয়ে' এবং ছায়ানটের শিল্পীরা সম্মেলক কণ্ঠে শোনান 'কান্না-হাসির দোল দোলানো'।

প্রথম দিনের পরিবেশনায় যন্ত্রানুষঙ্গে ছিলেন সেতারে ফিরোজ খান, বাঁশিতে মো. মনিরুজ্জামান, মন্দিরায় প্রদীপ কুমার রায়, কীবোর্ডে রবিন্স চৌধুরী এবং তবলায় সুবীর ঘোষ ও ইফতেখার আলম ডলার।

দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। এই আয়োজন সকলের জন্য উন্মুক্ত।