১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অভিষেকের ‘ঘুমর’ দেখে আপ্লুত টেন্ডুলকার, জানালেন ভালোলাগার কথা

শচীনের ভাষ্য, “জীবনের গল্পের প্রতিচ্ছবি তিনি দেখেছেন এই সিনেমার ক্রিকেটের কাহিনীতে।“

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2023, 12:46 PM

Updated : 22 Aug 2023, 12:47 PM

পাঁচ বছর পর বড় পর্দায় অভিষেক বচ্চনের কামব্যাক সিনেমা ‘ঘুমর’ মুক্তির আগে থেকেই আলোচনায়। বক্স অফিসে তেমন বিরাট কিছু একটা করে না বসলেও ভারতীয় ক্রিকেটারদের আবেগের জায়গায় পৌঁছে গেছে সিনেমাটি। দারুণ প্রশংসিত হচ্ছেন সিনেমায় ক্রিকেট কোচের চরিত্র করা অভিষেক বচ্চন।

হিন্দুস্তান টাইমস বলছে, ‘ঘুমর’ দেখে বাইরে বেরিয়ে হলের সামনে দাঁড়িয়েই সিনেমা নিয়ে ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার শচিন টেন্ডুলকার একরাশ কথা বলেছেন।

তার ভাষ্য, “উদ্বুদ্ধ করার মত দারুণ এই সিনেমাটি ছোটবড় সব দর্শককেই টানবে বলে আমার বিশ্বাস। কারণ জীবনের গল্পের প্রতিচ্ছবি আমি দেখেছেন এই সিনেমার ক্রিকেটের কাহিনীতে।”

প্রতিবন্ধকতা জয়ের শক্তি সঞ্চয়ের সাহস ও দৃঢ়তাও এই সিনেমায় ফুটেছে বলেই টেন্ডুলকারের ভাষ্য।

‘ঘুমর’ এর ট্রেইলার দেখেই মন খুলে তারিফ করেছিলেন সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিও। সিনেমা দেখার ইচ্ছার কথা জানিয়েছিলেন যুবরাজ সিং, বীরেন্দ্র শেবাগের মত তারকা ক্রিকেটাররা।

সিনেমা মুক্তির পর দেরি না করে ‘ঘুমর’ দেখে বীরেন্দ্র শেবাগ টুইটে বলেন, “ক্রিকেট হল আবেগ ও অনুপ্রেরণার মিশেল। দারুণ উপভোগ করেছি সিনেমাটি।“

সিনেমাটি দেখে উচ্ছ্বসিত ধারা ভাষ্যকার হর্ষ ভোগলে বলেন, “অভিষেকের মধ্যে সত্যিকারের একজন ক্রিকেটারকে আমি খুঁজে পেয়েছি। বলাই বাহুল্য তিনি অসাধারণ। বিশেষ চরিত্রে এসে অমিতাভজি ফের বুঝিয়ে দিয়েছেন যে তিনি অমিতাভ বচ্চন।“

টেন্ডুলকার বলেন, “এই মাত্র ‘ঘুমর’ দেখে বের হলাম। দারুণ অনুপ্রেরণাদায়ক সিনেমা। এ সিনেমা তরুণদের অবশ্যই দেখা উচিত, তবে সব বয়সের দর্শক পছন্দ করবেন। কোচের চরিত্রে অভিষেক অসাধারণ কাজ করেছেন। খাঁটি অভিনয়ে তিনি বুঝিয়ে ছেড়েছেন. ক্রিকেটের প্রতি ভালোবাসা কতটা তীব্র হতে পারে।“

হিন্দুস্তান টাইমসকে এই সাবেক তারকা ক্রিকেটার বলেন, “প্যাশন আর স্বপ্ন যেখানে থাকে, সেখানে কোনো বাউন্ডারি লাইন থাকে না। যে কোনো ধরনের টার্গেটই সেখানে ছোঁয়া সম্ভব। আমি ব্যক্তিগত জীবনের কথাই যদি ধরি, সেখানে ওঠা-পড়া লেগেই থাকে। এই সিনেমার গল্পটার ক্ষেত্রেও তাই।

“খেলাধুলা আমাদের উত্থান-পতনের সঙ্গে মানিয়ে ওঠার শিক্ষা দেয়। আমি তো বলব, বড়দের পাশাপাশি ছোটদেরও এই সিনেমা অনেক কিছু শেখাতে পারে।“

নির্মাতা আর বাল্কী এক উচ্চাকাঙ্ক্ষী নারী ক্রিকেটারের সংগ্রামের গল্প নিয়ে তৈরি করেছেন ‘ঘুমর’। যে ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন, কিন্তু এক দুর্ঘটনায় হারাতে হয়েছে ডান হাত। সেই সঙ্গে ভেঙে খানখান হয়ে যায় তার খেলা নিয়ে তার যাবতীয় স্বপ্ন। কেবল মৃত্যু কামনার তার দিন যায়, চেষ্টা করেন আত্মহননের।

মেয়েটিকে এমন অবস্থা থেকে উদ্ধারে এগিয়ে আসেন তার কোচ অভিষেক। কোনো অবস্থায় হাল ছাড়তে নারাজ ওই কোচ তার শিষ্যকে নিয়ে এগোতে চান এক হাতেই।

‘ঘুমর’ মুক্তি পায় গত শুক্রবার। এর আগে অস্ট্রিলিয়ার মেলবোর্নে চলতি বছরের ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে’ প্রিমিয়ার শো হয়।

সিনেমায় ক্রিকেটার হয়েছেন সৈয়ামি খের। আরও অভিনয় করেছেন শাবানা আজমী, অঙ্গদ বেদী, নিমরত কৌর। সিনেমায় একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।

পুরানো খবর:

মেলবোর্নে অভিষেকের ‘ঘুমর’ টিম

পুরানো খবর:

ট্রেইলারে ‘ঘুমার’: অভিষেক এই খেলাটি ভালোবাসেন

পুরানো খবর:

ঐশ্বরিয়া যেভাবে অভিষেকের মেজাজ সামলান