পিয়ার সঙ্গে শাকিবের ‘রাজনীতি’
ফের এক নবাগতার সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান। এন এস বুলবুল বিশ্বাসের রাজনৈতিক কাহিনিনির্ভর ‘রাজনীতি’ সিনেমাতে শাকিব জুটি বাধছেন পিয়া বিপাশার সঙ্গে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে আন্তর্জাতিক সাফল্যের পর বুলবুলের এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘রাজনীতি’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন বুলবুল।
নতুন পরিচালকের সিনেমাতে অভিনয় প্রসঙ্গে শাকিব খান বলেন, “পরিচালক নবাগত, কিন্তু বুলবুলের পরিকল্পনাগুলো সত্যিই অসাধারণ। আমি চিত্রনাট্য পড়েছি। খুব ভালো লিখেছে ছেলেটি।”
নতুন মুখ পিয়া সম্পর্কে শাকিব বলছেন, “পিয়া সম্পর্কে খুব একটি জানাশোনা নেই আমার। আমি আমার চরিত্রটি নিয়ে ভাবছি। সহ-অভিনেত্রী হিসেবে পিয়া কেমন হবেন, তা এখনও জানি না। তবে তার জন্য শুভ কামনা থাকল আমার।”
শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে ‘দারুণ রোমাঞ্চিত’ পিয়া গ্লিটজকে বলছেন, “শাকিব খান ইন্ডাস্ট্রির এক নম্বর তারকা। তার সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়া নিশ্চয়ই সৌভাগ্যের ব্যাপার। সিনেমাটির কাহিনি নায়কনির্ভর হলেও এতে নায়িকারও যথেষ্ট ভূমিকা থাকছে। বুলবুল বিশ্বাসের সঙ্গে কাজ করতে পারাও নিশ্চয়ই বড় সৌভাগ্যের ব্যাপার। স্বল্পদৈর্ঘ্যের পর তিনি পূর্ণদৈর্ঘ্যেও সফল হবেন।”
সিনেমাতে শাকিবের বিপরীতে পিয়াকে নিয়ে একটুও ঝুঁকি নেননি বলে মনে করেন বুলবুল।
“শাকিবের বিপরীতে দর্শকরা প্রতিষ্ঠিত নায়িকাদের দেখেই অভ্যস্ত। আমি একটু ভিন্নতা আনতে চেয়েছি। পিয়া বিপাশাকে অন্যভাবে উপস্থাপন করবো আমি। আপাতত চমকটা তোলা থাকুক, পর্দার জন্য।”
‘রাজনীতি’ সিনেমায় শাকিব খান অয়ন ও পিয়া অভিনয় করবেন অর্ষা চরিত্রে। অয়নের ভাই শাকিলের চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে। অয়ন ও শাকিলের রাজনৈতিক যুদ্ধ নিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনি।
সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পীযূস বন্দোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, আলীরাজকে। বুলবুলের সিনেমার শুটিং হয়েছে দেশের বাইরের বিভিন্ন লোকেশনে। বাংলাদেশ অংশের কাজ শুরু হবে মধ্য অগাস্টে।
সিনেমাটির জন্য সংগীতায়োজন করছেন অদিত ও ফুয়াদ আল মুক্তাদির।
শাকিব খান এখন অভিনয় করছেন মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট-দ্য কিং ইজ হেয়ার’ সিনেমায় । এতে তার বিপরীতে রয়েছেন অপু বিশ্বাস। অপুর সঙ্গে আরও অভিনয় করছেন শাহীন সুমনের ‘লাভ ম্যারেজ’, মনতাজুর রহমান আকবরের ‘মাই ডার্লিং’, জি সরকারের ‘লাভ-২০১৪’ সিনেমাতে। এস এ হক অলিকের ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমাতে তিনি অভিনয় করেছেন পরীমনির সঙ্গে।
‘লাভ ম্যারেজ’ এবং ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমা দুটি ঈদ-উল-ফিতরে মুক্তির কথা রয়েছে।
অন্যদিকে পিয়া বিপাশা অভিনয় করেছেন সায়েম জাফর ইমামির ‘রুদ্র-দ্য গ্যাংস্টার’ সিনেমাতে। সিনেমাতে তার বিপরীতে রয়েছেন আরেক নবাগত এ বি এম সুমন।
