২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হলুদে ভরপুর জাতীয় চলচ্চিত্র পুরস্কার’

‘দেবদাস’ চলচ্চিত্রের ‘চন্দ্রমুখী’   চরিত্রের জন্য যখন মৌসুমী শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন, তখন একই সিনেমায় ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করা অপু বিশ্বাসের কণ্ঠে শোনা গেল ক্ষোভের সুর। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিনোদন প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2015, 03:42 PM

Updated : 12 Oct 2022, 03:25 PM

পুরনো খবর:

সিনেমায় লগ্নি নেই: অপু বিশ্বাস
‘আমি ফুরিয়ে যাইনি’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘মৃত্তিকা মায়া’র জয়জয়কার

নিজের ফেইসবুক পেইজে অপু লিখেছেন, “হলুদে ভরপুর এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।” 

অপু আরও বলছেন, “সারা বিশ্ব জানে ‘দেবদাস’ চলচ্চিত্রের প্রধান নায়িকা পার্বতী। কিন্তু এখন জানলাম চন্দ্রমুখী। এমন বিচারক কমিটির কার্যক্রমে আমি হতাশ। এভাবে আর কত দিন? আমরা শিল্পীরা কি কোনো সঠিক মূল্যায়ন পাবো না?”

একইসঙ্গে ‘মৃত্তিকা মায়া’ এবার ১৭টি শাখায় জাতীয় পুরস্কার পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন ঢাকাই সিনেমার প্রথম সারির এই নায়িকা।  

তিনি লিখেছেন, “২৫টি ক্যাটাগরির মাঝে এক ছবিতেই ১৭টি? বাকি ছবিগুলো কি এতই দুর্বল, যে এক ছবিতেই এত পুরস্কারের ছড়াছড়ি?”

সিনেমায় নিজের সহ-অভিনেত্রী মৌসুমীর প্রশংসা করে অপু বলছেন, “মৌসুমী আপু অনেক ভালো কাজ করেন এবং ‘দেবদাস’ছবিতেও অনেক ভালো কাজ করছেন। কিন্তু দেবদাস ছবিতে পার্শ্ব-অভিনেত্রী ছিল মৌসুমী আপু।”

“আমি কাউকে ব্যক্তিগত আক্রমন করিনি। শুধু আমার মনের ক্ষোভ প্রকাশ করেছি মাত্র। আমার ধারণা সকল পার্বতীদের অপমান করা হয়েছে এবার।”

বিষয়টি নিয়ে গ্লিটজের সঙ্গে এক আলাপে অপু বলছেন, “জুরি বোর্ডের বোদ্ধাদের বিবেচনা করা উচিত ছিল কাকে প্রধান চরিত্র আর কাকে সহ-অভিনেত্রীর পুরস্কার দেবেন। তাদের বিবেচনার ক্ষুদ্রতম ভুল খুব বড় হয়ে হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “আমি নিজেকে এখনও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য যোগ্য মনে করছি না। কিন্তু যখন ‘দেবদাস’ চলচ্চিত্রের জন্য পুরস্কার দেওয়া হবে, তখন আমি এটা বলতেই পারি। তবে অন্য কোনো চলচ্চিত্রের জন্য পুরস্কার দেওয়া হলে আমার কোনো ক্ষোভ ছিল না।”

এ বিষয়ে গ্লিটজের তরফ থেকে জুরি বোর্ড সদস্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয়। অপুর অভিযোগের বিষয়ে তারা বিস্তারিত কিছু বলতে চাননি গ্লিটজকে।

এবার ২৫টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হয়েছে। ৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিতদের হাতে তুলে দেবেন এই পুরস্কার। সেরা চলচ্চিত্র, চিত্রনাট্য, পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী, পার্শ্ব-চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীসহ ১৭টি শাখায় বাজিমাত করেছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রটি। ‘দেবদাস’ চলচ্চিত্রের জন্য মৌসুমী ও ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শর্মিমালা যৌথভাবে পাচ্ছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার।

উল্লেখ্য, ‘দেবদাস’ চলচ্চিত্রটিও ইমপ্রেস টেলিফিল্মেরই প্রযোজনা। সিনেমাটি পরিচালনা করেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম।