সিনেমায় লগ্নি নেই: অপু বিশ্বাস
গেল বছরটি ছিল অপুর অগ্নিপরীক্ষার বছর। দীর্ঘ বিরতির পর ঢাকাই চলচ্চিত্রে স্থান ধরে রাখতে পারবেন কি না - সবাই যখন এ প্রশ্ন তুলছে, তখনই অপু প্রমাণ করলেন তিনি হারিয়ে যাননি।
সম্প্রতি মনতাজুর রহমান আকবর ‘মাই ডার্লিং’ সিনেমার সেটে দেখা মিলল অপু বিশ্বাসের। গ্লিটজের সঙ্গে আলাপচারিতায় নিজের ক্যারিয়ার, চলচ্চিত্রাঙ্গন আর ব্যক্তিজীবন নিয়ে নানা প্রশ্নের জবাব দিলেন।
গ্লিটজ : গেল বছরটি ছিল আপনার ফিরে আসার বছর। বক্স-অফিস বলছে, ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহার ‘হিরো-দ্য সুপারস্টার’ এবং ‘হিটম্যান’ ব্যবসাসফল। এছাড়াও তিনটি সিনেমা ভালো ব্যবসা করেছে। নিজেকে কতটা সফল মনে করছেন?
অপু: নতুন রূপে ফিরে আসা বা আর আমার সিনেমার বাণিজ্যিক সাফল্যের কথাই বলুন, আমার কাছে সফলতার একটাই সংজ্ঞা। তা হলো শুধু ভালো কাজ করা। কতটি সিনেমা করলাম, কতটি ব্যবসাসফল হল, তা নিয়ে মাথা ব্যথা নেই আমার।
গ্লিটজের ইন্টারভিউতে আমি আগেও বলেছি, বিরতি সত্যিই ভীষণ দরকার ছিল। আমার কাছে মনে হয়েছিল অভিনয় যত ভালোই করি, শারীরিক গড়নে আমি পিছিয়ে পড়েছি। নিজেকে খুব আনফিট মনে হচ্ছিল। সুতরাং বিরতি আমাকে নিতেই হত।
এ বিরতিতে আমি ক্যারিয়ার নিয়ে অনেক কিছু ভাবতে পেরেছি।
গ্লিটজ: ক্যারিয়ার নিয়ে ভাবনাগুলো কি বলা যায় ?
অপু: মানুষ যখন অবুঝ থাকে, তখন তাকে দিয়ে আসলে অনেক কাজ করানো যায়। একটা সময় ছিল, আমি না বুঝেই অনেক সিনেমাতে সাইন করেছি। শিডিউল ফাঁকা ছিল তো আমি ডেট দিয়ে দিতাম।
আসলে ঝোঁকের বশেই অনেক সিনেমাতে আমি কাজ করেছি। জানতে চাইতাম না, গল্পটি কেমন, আমার চরিত্রটিকে নিয়ে পরিচালক কি ভাবছেন। এখন সে বিষয়ে কিন্তু আমি সিরিয়াস। আমি চরিত্র নিয়ে, গল্প নিয়ে ভীষণ সিরিয়াস হয়েছি। নিজেকে নিয়ে ভাববার অনেক অবকাশ পেয়েছি।
গ্লিটজ: বিরতির আগে যেমন দেখে গিয়েছিলেন ইন্ডাস্ট্রিকে, ফিরে এসে ঠিক কতটা পরিবর্তন চোখে পড়ছে? কোন পরিবর্তনগুলো খুব ভাবিয়েছে আপনাকে?
অপু: অনেক বদলে গিয়েছে ইন্ডাস্ট্রি। আমি যখন ফিজিক্যালি আনফিট ছিলাম তখন বেশ ভালো ভালো হাউজের বেশ বড় বাজেটের সিনেমার অফার আমি পেয়েছি। আমার সিনেমাতে বেশ বড় অঙ্কের টাকা লগ্নি হত। কিন্তু ফিরে আসার পর দেখলাম পরিস্থিতি বেমালুম বদলে গেছে। সিনেমাতে লগ্নির পরিমাণ খুব কমে গেছে।
আবার দেখছি, অনেক প্রযোজক সঠিক জায়গায় লগ্নি না করে অনর্থক যেনতেন সিনেমাতে টাকা ঢালছেন। এতে সিনেমার সংখ্যা বাড়লেও মান বাড়ছে না।
এছাড়া ডিজিটাল সিনেমার নামে যেসব সিনেমা নির্মিত হচ্ছে, তার মান নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। আমার মতে, বাংলা চলচ্চিত্র এখনও পরিপূর্ণভাবে ডিজিটালাইজড হয়নি।
আসলে সব মিলিয়ে আমাদের সিনেমার অবস্থা খুবই খারাপ। পৃথিবীর কোথাও আমরা বাংলাদেশের সিনেমা উপস্থাপন করতে পারি না, এটা আমার কাছে খুব দুঃখের বিষয়।
গ্লিটজ: সমস্যাটা আসলে কোথায়?
অপু: ফিরে আসার পর দেখলাম বড় অঙ্কের টাকা লগ্নি করা প্রযোজকরা হারিয়ে যাচ্ছে। মূল সমস্যা হচ্ছে, প্রযোজক যখন সিনেমা বানিয়ে ফিডব্যাক পাচ্ছে না, তখনই সে সিনেমাতে লগ্নির ব্যাপারে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ছে।
সিনেমাতে লগ্নি হচ্ছে দুই ভাবে। আমরা যারা বড় বাজেটের সিনেমা করছি, তাদের সিনেমাতে লগ্নি হচ্ছে প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা। আবার এমন কিছু সিনেমা নির্মাণ হয়েছে যার বাজেট বড়জোর ৩০-৪০ লাখ টাকা। যখন একজন প্রযোজক দেখবে কম বাজেটেই সিনেমা নির্মাণ সম্ভব, সে বড় অঙ্কের টাকা লগ্নি করতে ঝুঁকি নিচ্ছেন না।
আমি নিজেও তাদের কাছ থেকে কি ফিডব্যাক পাচ্ছি, বুঝতে পারছি না।
গ্লিটজ: তাহলে কি বলছেন শুধু পেশার খাতিরে অভিনয় করে যাচ্ছেন?
অপু: মোটেই তা নয়। এমন হলে তো আমি কখনো আমার ক্যারিয়ার থেকে এক বছর মাইনাস করে দিতাম না। তখন চাইলে দুটি সিনেমাতে আমি অভিনয় করতে পারতাম, আলোচনায় থাকতাম। হয়তো অনেক টাকাও পেতাম। কিন্তু আমি ভেবেছি আমার অভিনেত্রী সত্তা নিয়ে, আমার ইন্ডাস্ট্রি নিয়ে। আমি চেয়েছি নিজেকে প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে। আমি চেয়েছি আমার ইন্ডাস্ট্রিকে ভালো রাখতে।
সবকিছুর পরে আমি অপু দর্শকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তারা অপুর কাছে ভালো কাজের প্রত্যাশাই করে।
গ্লিটজ: নতুন বছর শুরু হল। আপনার শক্ত প্রতিদ্বন্দ্বীদের সিনেমা মুক্তি পেতে শুরু করেছে। সহসা মুক্তি পাচ্ছে না আপনার কোনো সিনেমা। সেরার দৌঁড়ে পিছিয়ে পড়লেন না তো?
ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এ বছর আমি টার্গেট করেছি, শুধু ভালো ভালো সিনেমাতে কাজ করব। কারণ আমি জানি, ভালো ভালো সিনেমা করলে সফলতা আসবেই। তাই আমার সিনেমার সংখ্যাও কম।
আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম, আমি ছয়টির বেশি সিনেমা করব না। এ বছরও আমি বলছি ছয়টি সিনেমা করব। আমি নিশ্চিত এ বছর আমার এক-দুটি ব্লকবাস্টার সিনেমা থাকবেই।
শুধু নিজের জন্য না, মেগাহিটের সংখ্যা বাড়লে প্রযোজকেরও লাভ হবে। তিনি তার কষ্টার্জিত অর্থ লগ্নি করেছেন। যখন অন্য প্রযোজক দেখবে সিনেমাতে সঠিকভাবে লগ্নি করলে টাকা ফেরত পাচ্ছেন, তখন তাদের আর উদ্বিগ্ন হতে হবে না।
গ্লিটজ: আপনার ক্যারিয়ারের সবগুলো সিনেমাতেই আপনি রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন। এবার এই ঘরানা থেকে একটু বেরিয়ে আসা যায় না?
অপু: আমার দর্শক, প্রযোজক সবাই কিন্তু আমাকে রোমান্টিক চরিত্রে দেখেই অভ্যস্ত। আমিও নিজেকে আসলে রোমান্টিক নায়িকা হিসেবেই তৈরি করেছি। আমি অ্যাকশন সিনেমা নিয়ে ভাবিনি কখনও। আমি রোমান্টিক ঘরানা থেকে বের হতে চাই না।
গ্লিটজ: সম্প্রতি প্রতিষ্ঠিত দুজন প্রতিষ্ঠিত তারকা মন্তব্য করেছেন, বাংলা চলচ্চিত্রে তাদের কোনো রোল মডেল নেই। কেউ বলছেন, ঢাকাই সিনেমার সাবেক নায়িকাদের তারা ফলো করেন না। ঢাকাই সিনেমাতে অপুর কোনো রোল মডেল আছেন?
অপু: অন্যদের ব্যাপারে আমি বলতে পারব না। তবে অবশ্যই ঢাকাই সিনেমার সাবেক অনেকেই আমার রোল মডেল। আমি বাংলাদেশের মেয়ে, আমার পরিচয় আমি বাংলাদেশি। আমি যদি বাংলা চলচ্চিত্রের কোনো নায়িকাকে পছন্দ না-ই করতাম, তাহলে আমি কখনো ভালো অভিনেত্রী হতে পারতাম না। নায়িকা হিসেবে আমার আদব-কেতা সবই তো আমার সিনিয়রদের কাছ থেকে শেখা। হাসির দিক থেকে কবরী ম্যাডাম ও মৌসুমী আপু, কান্নার দৃশ্যে শাবানা ম্যাডাম ও শাবনূর আপুকে ভীষণ ভালো লাগে। আমার স্টাইল আইকন পপি। নাচের দিক থেকে নূতন ম্যাডাম ও পূর্নিমা আপুকে আমার ভালো লাগে।
গ্লিটজ: প্রশ্নটি অনেকবারই শুনেছেন, তবুও করছি। বিয়ে করছেন কবে?
ছবি: তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
বিয়ের জন্য পরিপক্ব হতে আমার আরও পাঁচ বছর সময় লাগবে। আমি এটা বলতে পারি, আগামী পাঁচ বছর পর আমি বিয়ে করব। আর বিয়ের পর অবশ্যই আমি নায়িকা হিসেবেই সিনেমাতে কাজ করতে চাই।
গ্লিটজ: কিন্তু ইন্ডাস্ট্রি তো বলছে, বিয়ের পর নায়িকা হিসেবে দর্শকের কাছে কোনো আবেদনই নাকি থাকে না…
অপু: কে যে বলে এসব কথা! বিয়ের পর যদি নায়িকা হিসেবে কদর না-ই থাকল তবে মৌসুমী, নিপুণ আর হালের মমরা কি করে কাজ করছে! আমার কাছে কখনো মনে হয় না যে বিয়ের পর নায়িকা হিসেবে আমার কোনো মর্যাদা থাকবে না। এ ধারণাটি আসলে একেবারেই ভুল।
গ্লিটজ: মৌসুমী, নিপুণরা তো এখন নায়কের বড়বোনের চরিত্রে অভিনয় করছেন। তো আপনি কখনো বড়বোন কিংবা মায়ের চরিত্রে অভিনয় করবেন?
অপু: সবে শুকিয়ে লুক চেঞ্জ করলাম আর এখনই বলছেন মা আর বড়বোনের চরিত্র! শুনুন, আমার ছেলে যখন বড় হয়ে ঘরে বউ নিয়ে আসবে তখনই আমি মা চরিত্রে অভিনয় করার কথা ভাববো।
গ্লিটজ: দেখতে দেখতে ক্যারিয়ারের সাত বছর পার করেছেন। ইন্ডাস্ট্রিকে কতটা দিতে পেরেছেন আপনি?
অপু: সত্যি বলতে আমি কিছুই দিতে পারিনি আমার ইন্ডাস্ট্রিকে। তবে চেষ্টার ত্রুটি করিনি কখনও। যখন শুরু করেছিলাম তখন চেষ্টা করেছি অশ্লীলতা থেকে দূরে থাকতে। অন্তত আমার সিনেমাতে যেন অশ্লীলতা ব্যাপারটি না থাকে। আমি সেটা পেরেছিলাম বটে।
তবে আসল কথা কী, আমার একার পক্ষে ইন্ডাস্ট্রির খুব বড় পরিবর্তন করা সম্ভব না। আমাদের সবার সম্মিলিত উদ্যোগ দরকার, এই ইন্ডাস্ট্রিকে বদলে দিতে।
