২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় বাংলা কনসার্ট: জেগে ওঠার আহ্বান

তরুণদের উজ্জীবিত করতে গানের বিকল্প নেই। সুরের মন্ত্রে দীক্ষা নিয়ে তারা যুদ্ধে ঝাপিয়ে পড়েন সবার আগে। ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ - এই আহ্বানে ঢাকার আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্টেও ছুটে এসেছিলেন তরুণরা। 

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 06:37 PM

Updated : 12 Oct 2022, 03:23 PM

পুরনো খবর:

গানে গানে ইতিহাস দেখাল ‘জয় বাংলা’
‘জয় বাংলায়’ মাতলো তারুণ্য
৭ই মার্চ জয় বাংলা কনসার্ট
জয় বাংলা কনসার্ট

ঐতিহাসিক ৭ই মার্চ স্মরণে আয়োজিত আট ব্যান্ডের কনসার্টে ঢল নেমেছিল হাজারো মানুষের। ব্যান্ডশিল্পীরাও নিজেদের উজাড় করেছেন ভক্তদের কাছে।

‘যার যা কিছু আছে তাই নিয়ে ঝাপিয়ে পরো’- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই উদাত্ত আহবানে ১৯৭১ সালে দেশ স্বাধীন করার লড়াইয়ে নেমেছিল বাংলার মানুষ। এ কনসার্টেও জানানো হলো আহ্বান - আর এবারের সংগ্রাম দেশ গড়ার।

দেশ গড়তে চাই উৎসাহ, উদ্দীপনা, স্বীকৃতি, পৃষ্ঠপোষকতা। সব শর্ত পূরণের প্রতিশ্রুতি জানাতে ‘জয় বাংলা কনসার্ট’টি আয়োজন করে ইয়াং বাংলা এবং তাদের তত্ত্বাবধায়ক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনর। 

Image
একাত্তরে জর্জ হ্যারিসন বিশ্বকে শুনিয়েছিলেন ‘বাংলাদেশ’। ৭ই মার্চ উপলক্ষে শনিবার ঢাকায় জয় বংলা কনসার্টে সেই গানে কণ্ঠ মেলালো বাংলাদেশের ছয় ব্যান্ডদল। ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

একাত্তরে জর্জ হ্যারিসন বিশ্বকে শুনিয়েছিলেন ‘বাংলাদেশ’। ৭ই মার্চ উপলক্ষে শনিবার ঢাকায় জয় বংলা কনসার্টে সেই গানে কণ্ঠ মেলালো বাংলাদেশের ছয় ব্যান্ডদল। ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এবারের ৭ই মার্চ সত্যিই ছিল অনন্য। রাজনৈতিক ও পারিপার্শ্বিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এ দিনটিকে তরুণরা যর্থাথই নিজেদের করে নেওয়ার সুযোগ পেয়েছে এই কনসার্টের মাধ্যমে। 

কনসার্টের সূচনা হয় সুরকার ইমতিয়াজ আহমেদ বুলবুল পরিচালিত অর্কেস্ট্রায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে।

এরপর একে একে মঞ্চ কাঁপাতে উঠেছে ওয়ারফেইজ, আর্টসেল, ক্রিপটিক ফেইট, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস, শিরোনামহীন, নেমেসিস, আর্বোভাইরাস।

পপ-রক ধাঁচের ব্যান্ড ‘শূন্য’শুনিয়েছে ছয়টি গান। প্রথম গানটি ছিল ‘শত আশা’, এরপর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের গাওয়া, মুক্তিযুদ্ধের জাগরণী গান ‘জয় বাংলা’। ‘গোধূলির ওপারে’, ‘শোন মহাজন’, ‘আমি কবি নই’-এর পর তাদের সবশেষ গান ছিল ‘ভাগো’।

এরপর ছিল অল্প সময়ে ভক্ত জোটানো আরেকটি রক ব্যান্ড আর্বোভাইরাসের পালা। জাগরণী গান ‘এক সাগর রক্তের বিনিময়ে’, ‘আমরা করবো জয়’ শেষে নিজেদের গান ‘বোধের কিনারা’, ‘অমানুষ’, ‘হারিয়ে যাও’, ‘জ্বালো আগুন জ্বালো’ পরিবেশনার পুরো সময়টাই উপভোগ করেছে ভক্তরা।

এ সময় আরও এক উপভোগ্য বিষয় ওঠে আর্বোভাইরাস ড্রামার নাফিসের কর্মকাণ্ড। তিনি ‘আমরা করবো জয়’, ‘হারিয়ে যাও’ পরিবেশনার আগে নিজের নির্দিষ্ট জায়গা ছেড়ে মঞ্চের নিচে দৌড়ে চলে যান ভক্তদের কাছে।

Image
জয় বাংলা কনসার্ট মঞ্চে ব্যান্ডদল ‘শূন্য’ পরিবেশন করছে তাদের জনপ্রিয় গান ‘শত আশা’। ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জয় বাংলা কনসার্ট মঞ্চে ব্যান্ডদল ‘শূন্য’ পরিবেশন করছে তাদের জনপ্রিয় গান ‘শত আশা’। ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হার্ড রক ব্যান্ড নেমেসিস-এর মঞ্চে ওঠে এরপর। ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ গানটির লয় ঠিক রেখে ড্রামের তালে অসাধারণ এক দ্যোতনার জন্ম দেন তারা। পরের জাগরণী গান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’তে তাদের সঙ্গে কণ্ঠ মেলান পাওয়ার সার্জের ভোকাল জামশেদ ও মেকানিক্সের ভোকাল ত্রিদিব। জামশেদ ও নেমেসিস ভোকাল জোয়াদের সঙ্গে ত্রিদিবের হামিং বেশ ভাল লেগেছে।

‘তৃতীয় যাত্রা’, ‘জয়ধ্বনি’ এবং ‘কবে’ গান তিনটি এদিন না গাইলে হয়ত নেমেসিস-এর প্রতিপত্তি সঙ্কটের মুখে পরতো।

সন্ধ্যার আবছায়া মুহূর্ত, নেমেসিসে পরিবেশনা শেষ। এই সময়টাকে লেজার শোয়ের জন্য বেছে নেয় আয়োজকরা।

ঘরির কাঁটা সাড়ে সাতটার দশ মিনিট কম। মঞ্চ থেকে ভেসে আসছে বিবরণ - কিভাবে ‘জয় বাংলা’ পেলাম আমরা। একদিকে ৭ই মার্চের ইতিহাসের বর্ণনা অন্যদিকে লেজার লাইটের মাধ্যমে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন, প্রতিকৃতি, শান্তির পায়রা, নদী-নৌকা, রয়েল বেঙ্গল টাইগার ইত্যাদি ফুটিয়ে তোলা। মাঠে উপস্থিত সবাই একাগ্রমনে দেখছে এবং শুনছে। এর পাশাপাশি হাতের মোবাইল ফোনটির ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মাঠ আলোকিত করতেও ভোলেননি তারা।

প্রায় বিশ মিনিটের লেজার লাইট পরিবেশনা শেষ হতেই সাউন্ড চেক করতে মঞ্চে উঠেই শাফিনের ড্রামস জানান দিল শিরোনামহীনের পালা এবার।

স্বদেশী পর্যায়ের রবীন্দ্রসংগীত ‘ও আমার দেশের মাটি’ দিয়ে শুরু শিরোনামহীনের পরিবেশনার। এরপর নজরুলসংগীত ‘চল চল চল’। ভক্তরা ভক্তি নিয়েই গান দুটিতে কণ্ঠ মিলিয়েছে।

Image
জয় বাংলা কনসার্টে শিল্পী অর্ণব শোনান তার জনপ্রিয় গান ‘সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর’। ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জয় বাংলা কনসার্টে শিল্পী অর্ণব শোনান তার জনপ্রিয় গান ‘সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর’। ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজেদের গান ‘পাখি’, ‘ইচ্ছে ঘুড়ি’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’ প্রত্যেকটি গানের লিড সলো, বেইজ সলো, কিবোর্ড পিসগুলো স্টুডিও রের্কডিং ভুলিয়ে দেওয়ার মতো।

শ্রোতা মাতানোর যাদু জানে শিরোনামহীন। ‘আবার হাসিমুখ’-এর মাঝেই দিয়াতের লিড সলোর সঙ্গে লয়-তাল মিলিয়ে পাঁচ মিনিটের গানটি দশ মিনিটে শেষ হওয়ার পরেও শোনা গেল ভক্ত সারি থেকে ওয়ান মোর, ওয়ান মোর শোর উঠেছে।

ক্রিপটিক ফেইট এল এরপর। ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ‘মাগো ভাবনা কেন’ - গান দুটির পরিবেশনা ছিল রোমাঞ্চকর। পরবর্তী গান - কনসেপ্ট অ্যালবাম ‘নয় মাস’-এর মার্চের গান ‘ভোরের অপেক্ষা’, যার শুরুতে রয়েছে বঙ্গবন্ধুর সেই ভাষণের অংশ বিশেষ।
 

‘লড়বে বাংলাদেশ’, ক্রিকেট নিয়ে বাংলাদেশের প্রথম ব্যান্ড গান ‘চলো বাংলাদেশ’ আর ‘ভবঘুরে’ পরিবেশন করেন তারা।

অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস মঞ্চে উঠে এসেছে ততক্ষণে। ‘সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর’ - এর স্থায়ী ও অন্তরা গাইলেন অর্ণব, বুনো ও পান্থ। তাদের সঙ্গে হারমোনাইজ করলেন পালকি ও সভ্যতা আর দর্শকরা তো গলা মেলাচ্ছেনই। 

‘তোমার জন্য’, ‘আধখানা’, ‘ধনধান্য পুষ্পভরা’, ‘সে যে বসে আছে’ পরিবেশনা শেষে ‘নাও ছাড়িয়া দে’র সময়ে এসে শোনা গেল বাংলা ঢোলের সঙ্গে পাশ্চাত্য ড্রামসের গমন-অনুগমন। 

Image
জয় বাংলা কনসার্টে ‘জ্বালো আগুন জ্বালো’ গানটি পরিবেশন করে ব্যান্ডদল আর্বোভাইরাস। ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জয় বাংলা কনসার্টে ‘জ্বালো আগুন জ্বালো’ গানটি পরিবেশন করে ব্যান্ডদল আর্বোভাইরাস। ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভক্তরা অনেকেই নিজের প্রিয় ব্যান্ডটির নাম ধরে চিৎকার করেছে বিভিন্ন সময়ে। বিশেষ করে আর্টসেলের ভক্তরা এরকম উন্মাদনা তৈরি করে ফেলেছে তাদের মঞ্চে ওঠার আগেই। কবি নজরুলে বিদ্রোহী গীত ‘কারার ওই লৌহ কপাট’ নতুন করে করেছে তারা। শুরুটা হলো তার মাধ্যমে, এরপর ‘দুর্গম গিরি কান্তার মরু’। কোনও কথা নেই, ‘আর্তনাদ’, ‘আমার পথচলা’ শেষে নিজেদের দীর্ঘ গান ‘অনিকেত প্রান্তর’ গাইবার মতো আত্মবিশ্বাস তারাই ধারণ করতে পারে।

‘অনিকেত প্রান্তর’ পরিবেশনা শেষ হতেই দেখা গেল রূপার থালার মতো চাঁদটি আকাশে হেলে পড়েছে। সময়ও হয়েছে সবশেষ ব্যান্ড ওয়ারফেইজের মঞ্চে ওঠার।

হার্ড রক ওয়ারফেইজের প্রথম গান চতুর্থ অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘অসামাজিক’। এরপর ‘মহারাজ’ এবং ‘যতোদূর’। ‘ধূসর মানচিত্র’ পরিবেশনায় কমলের লিড গিটারে সেই পরিচিত সুরটি বাজতে ‘অমর একুশে’র গানটির কয়েক লাইন ভক্তিভরেই গাইলেন সবাই। এরপর আবার ধূসর মানচিত্রে ফিরে আসা। ‘বসে আছি’ গানটি ছিল বাড়তি পাওয়া।

পরিবেশনার একদম শেষটি ছিল আরও এক ইতিহাসের স্মরণ। মুক্তিকামী বাঙ্গালির ওপর পাকিস্তানি বর্বরতার বিরুদ্ধে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আয়োজিত হয়েছিল 'কনসার্ট ফর বাংলাদেশ'। সেখানে বিটলস সদস্য জর্জ হ্যারিসন গেয়েছিলেন ‘বাংলাদেশ’। হ্যারিসনকে উৎসর্গ করে গানটি পরিবেশন করতে ওয়ারফেইজ মঞ্চে ডেকে নেয় শাকিব, বুনো, জোয়াদ, সুফি, জামশেদ, লিংকনদের।

সবার মিলিত কণ্ঠে ইতিহাসের দিনে ইতিহাস স্মরণের সাক্ষী হিসেবে কম লোকই উপস্থিত ছিলেন সেসময়।

Image
জয় বাংলা কনসার্টে নেমেসিসের পরিবেশনায় ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানে সঙ্গ দেয় পাওয়ার সার্জ ও মেকানিক্স। ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জয় বাংলা কনসার্টে নেমেসিসের পরিবেশনায় ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানে সঙ্গ দেয় পাওয়ার সার্জ ও মেকানিক্স। ছবি: তানভীর আহমেদ/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তারুণ্যের উৎসবে সাধারণের কাতার থেকেই মেতে থাকতে দেখা গেছে জুনায়েদ আহমেদ পলক, শাহরিয়ার আলম, নসরুল হামিদ  বিপুদের। শেখ রেহানার পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববিও প্রায় শেষ পর্যন্ত ছিলেন উপস্থিত।

কনাসার্ট আয়োজন ও ব্যবস্থাপনার পরীক্ষায় উর্ত্তীণ বলা যায় ইয়াং বাংলা ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনকে।

তরুণদের জন্য ইয়াং বাংলার একটি প্রশ্ন আছে - আপনার জয় বাংলা কী?

প্রশ্নটি করা হয়েছিল তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বশীল ব্যান্ডগুলোকে। উত্তরে কেউ বলেছেন, স্বাধীনভাবে গান গাইতে পারা, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারা। কেউ বলেছেন ‘তীর হারা এ ঢেউয়ের সাগর পাড়ি দেব’। কেউবা বলেছেন, ‘সৃষ্টিশীল তারুণ্য’, ‘আমরা বাঙ্গালি আমরাই বাংলাদেশ’।

অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত সফলভাবে টেনে নিয়েছেন সংগীতশিল্পী ও উপস্থাপক হাসান আবিদুর রেজা জুয়েল এবং অভিনেত্রী ও মডেল রুমানা মালিক মুনমুন।

‘জয় বাংলা’ কনসার্টের ধারণকৃত অংশ দেখতে ক্লিক করুন