২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কেবল অপারেটররা বাংলা সিনেমা চালাবে না' 

“কেবল অপারেটরা এখন থেকে আর তাদের নিজস্ব কেবল চ্যানেলে কোনো বাংলাদেশি সিনেমা চালাতে পারবেন না। যদি চালিয়েই থাকেন, তবে তাদের লাইসেন্স বাতিল করা হবে।” - ভিডিও পাইরেসি রোধে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এ সিদ্ধান্ত নিয়েছেন। 

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 02:05 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

পুরনো খবর:

নায়ক হতে চেয়েছিলাম: ইনু
‘তিন মাসে বদলে দেব এফডিসিকে’
‘তাই বলে কি স্বপ্ন দেখা যাবে না’

মন্ত্রী জানিয়েছেন, ভিডিও পাইরেসি বন্ধে আইনের যত ফাঁকফোকড় আছে তা বন্ধে ইতোমধ্যে তিনি ‘প্রয়োজনীয়’ নির্দেশ দিয়েছেন। এমনকি ইউটিউবে বাংলা সিনেমা ছেড়ে দেওয়ার বিরুদ্ধেও তিনি ব্যবস্থা নিচ্ছেন। 

মঙ্গলবার এস এ হক অলিক পরিচালিত নতুন সিনেমা ‘আরো ভালোবাসবো তোমায়’-এর মহরত অনুষ্ঠানে এসে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। চলচ্চিত্র শিল্পীদের ক্রমাগত দাবির প্রেক্ষিতে তাদের আশ্বস্ত করতে তিনি বলেন, “আশা করি, আপনারা চলচ্চিত্র নির্মাণ করতে করতে একটা বাস্তবসম্মত ব্যবস্থা হয়ে যাবে।”

তিনি আরও বলেন, অচলাবস্থা কাটিয়ে ঢাকাই সিনেমার ‘নতুন পুনর্জন্ম’ হয়েছে। 

“আমার বিশ্বাস চলচ্চিত্রাঙ্গনে যারা ছয় মাস ধরে ঘোরাফেরা করছেন তারা আমার সঙ্গে একমত হবেন যে চলচ্চিত্র শিল্পটি নতুন করে পুনর্জন্ম নিয়েছে। এখন বিএফডিসিতে নিত্যনতুন যন্ত্রপাতি আসছে। নতুন সিনেমা নির্মাণের পরিবেশ তৈরি হচ্ছে।”

চলচ্চিত্রে দক্ষ জনবল নিয়োগ দিতে ইতোমধ্যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কাজ করছে বলে জানান তিনি। তিনি আশা করছেন, ইনস্টিটিউটের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা বের হয়ে আসলে অভিনয়, পরিচালনা, ক্যামেরা চালনাসহ অন্যান্য কারিগরি দিকে বিএফডিসি ‘দক্ষ কলাকুশলী’ পাবে।

তথ্যমন্ত্রীর বলেন, ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটের মতো ‘চমৎকার’ একটি ফিল্ম ইনস্টিটিউট তিনি বাংলাদেশেও প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন। তিনি জানান, গাজীপুরের কালিয়াকৈরে ১০৫ একর জমিতে তিনি একটি ‘সিনেমা সিটি’ নির্মাণ করতে চাইছেন যেখানে শুধু চলচ্চিত্র বিষয়ক কাজই নয়, পর্যটন কেন্দ্রও গড়ে তোলা হবে।

যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ও মুক্তিযুদ্ধে স্বপক্ষে মানুষের মত গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ইনু শিল্পীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধের চেতনায় আইনের শাসনে ফিরে যাচ্ছে। আপনারা আপনাদের সিনেমার মাধ্যমে যে অনুপ্রেরণা দিতে পারবেন আমি রাজনীতিবিদ হিসেবে দিতে পারবো না। এক হুমায়ূন আহমেদ ‘তুই রাজাকার’ শব্দটি ব্যবহার করে যেভাবে মানুষের হৃদয়টাকে আলোড়িত করেছিলেন আমরা রাজনীতিবিদরা তা পারিনি।”