পর্দা নামলো স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের
পর্দা নামল ১৩তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব- ঢাকা ২০১৪র। বৃহস্পতিবার সন্ধ্যায় উৎসবের বিভিন্ন শাখায় সেরাদের পুরস্কৃত করার মাধ্যমে শেষ হল দক্ষিণ এশিয়ার অন্যতম এই চলচ্চিত্র উৎসব।
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত আট দিনব্যাপী এ উৎসবে হীরালাল সেন আজীবন সম্মাননা পেয়েছেন বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের পুরোধা মোহাম্মদ খসরু।
উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি মানজার হাসিনে মুরাদ । উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট চলচ্চিত্রকার নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ও উৎসব পরিচালক তারেক আহমেদ ।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ''চলচ্চিত্র উৎসবের মঞ্চ হল মানুষে- মানুষে, দেশে-দেশে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন তৈরির মঞ্চ। আর চলচ্চিত্র নির্মাতারা হলেন জীবনকে গভীর ও নিবিড়ভাবে পর্যবেক্ষণকারী ও সৌন্দর্যবোধের ধারক।''
এবারের উৎসবে নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড বিভাগে তথ্যচিত্র শাখায় পুরস্কার পেয়েছে স্বগত ভট্টাচাযর্ পরিচালিত ভারতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কলকাতার গুপ্তকথা’ এবং ফিকশন শাখায় পুরস্কার পেয়েছে শাহীম ওমর খলিফা পরিচালিত ইরাকি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাগদাদ মেসি’।
আয়োজকরা জানিয়েছে, নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড বিভাগে চলচ্চিত্র জমা পড়েছিল ৮টি।
তারেক শাহরিয়ার ইন্ডিপেন্ডেন্ট শর্টস বিভাগে পুরস্কার জিতেছে রিয়াদ আরফিন পরিচালিত ‘আ বাস রাইড’। জুরিস স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে সোহেল মোহাম্মদ রানা পরিচালিত ‘রাইট টু ওয়াটার’। এ বিভাগেও আটটি চলচ্চিত্র জমা পড়েছিল।
বেস্ট ডকুমেন্টারি ফ্রম কম্পিটিশন বিভাগে পুরস্কার পেয়েছে ইরিনা ভাসিলিয়েভা পরিচালিত রুশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্যারাবোল অফ আ লেইম শিপ’ এবং জুরিস স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে সন্দিপ রামপাল বালহারা পরিচালিত ‘কটন ড্রিমস’।
বেস্ট ফিকশন ফ্রম কম্পিটিশন বিভাগে অংশগ্রহণ করেছিল ১০টি চলচ্চিত্র। এ বিভাগে পুরস্কার পেয়েছে গুদমুন্দুর আরনার গুদমুন্ডসন পরিচালিত ড্যানিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হোয়েল ভ্যালি’। জুরিস স্পেশাল মেনশন পুরস্কার পেয়েছে
প্রোকোপি নোগোভিৎসিন পরিচালিত রুশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উডেন হর্স’।
৪ঠা ডিসেম্বর এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এবার উৎসবে পৃথিবীর প্রায় ৪০টি দেশের ২০০ চলচ্চিত্র প্রদর্শিত হয় । উৎসব উপলক্ষে এসেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগালল । ট্রিবিউট টু শ্যাম বেনেগাল শিরোনামে এক আয়োজনে তাকে সম্মাননা জানায় আয়োজকরা।
উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে জুরির দায়িত্ব পালন করেছেন ব্যাংকক চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা ব্রেইন বেনেট, শ্রীলংকান চলচ্চিত্রকার প্রসন্ন ভিথানা ও চলচ্চিত্র সমালোচক অ্যাশলে রত্মাবিভুষণ, নেপালের প্রামান্য চলচ্চিত্রকার কেসাং লামা, ইতালির চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং অধ্যাপক মারা মাতা, রুশ চলিচ্চত্রকার ও চলচ্চিত্র সমালোচক সার্গেই আনেসকিনরা। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ, জাহিদুর রহিম অঞ্জন ও চলচ্চিত্র সমালোচক অধ্যাপক জাকির হোসেন রাজু।
