শুরু হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব
১৩ তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। সপ্তাহব্যাপী এই উৎসবের উদ্বোধন হবে বৃহস্পতিবার ঢাকায় জাতীয় জাদুঘরে।
১৯৮৬ সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম প্রতিষ্ঠার পর ১৯৮৮ সাল থেকে নিয়মিতভাবে দ্বি-বার্ষিক এই উৎসব আয়োজিত হচ্ছে। এবারের উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশসহ পৃথিবীর ৫০টি দেশের দুশ’রও বেশি স্বাধীন ধারার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসব উপলক্ষ্যে বাংলাদেশে আসবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র ব্যক্তিত্বরা। ভারতের বরেণ্য নির্মাতা শ্যাম বেনেগাল এবার উপস্থিত থাকবেন উৎসবের বিশেষ অতিথি হিসেবে।
বুধবার বিকাল চারটায় উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে প্রদর্শিত হবে দুটি চলচ্চিত্র। ইরাকের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাগদাদ মেসি’ এবং ভারতের প্রামাণ্যচিত্র ‘পনি অ্যান্ড মি’।
উৎসব উপলক্ষ্যে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি মানজারে হাসিন মুরাদ, উৎসব পরিষদের সভাপতি ও নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, উৎসব পরিচালক তারেক আহমেদ, ফোরামের সাবেক সভাপতি ও উপদেষ্টা কমিটির সদস্য জাহিদুর রহিম অঞ্জন এবং সাধারণ সম্পাদক অনুপম সৈকত শান্ত।
বরাবরের মতো এবারও উৎসবের মূল কেন্দ্র হিসেবে থাকছে জাতীয় জাদুঘর, জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তন।
অনুপম সৈকত শান্ত জানান, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার এবারের উৎসবের প্রধান সহযোগী। অন্যান্য সহযোগীদের মধ্যে থাকছে স্কয়ার গ্রুপ ও বেঙ্গল কমিউনিকেশন্স। এছাড়াও উৎসব পরিচালনায় সহায়তা করছে একে খান ফাউন্ডেশন, ইন্দিরা গান্ধী সংস্কুতি কেন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং শিক্ষা ও সংস্কৃতি সহায়তা কেন্দ্র।
