ঢাকায় শ্যাম বেনেগাল
শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির চত্বরে শনিবারের সন্ধ্যাটা ছিল একটু অন্যরকম। ১৩তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এদিনই ঢাকায় এসে পৌঁছান শ্যাম বেনেগাল, সত্তরের দশকের শুরুতে যার হাত ধরেই পাল্টে গিয়েছিল হিন্দি সিনেমার দৃশ্যপট।
খ্যাতিমান এই নির্মাতার বয়স এখন সত্তরের ওপরে। কিন্তু উৎসব প্রাঙ্গনে তার তারুণ্যদৃপ্ত পদচারণা উৎসাহ যোগালো উপস্থিত সবার মাঝেই। ভারতের পদ্মবিভূষণ, সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা এই নির্মাতা হাসিমুখেই বললেন, সিনেমা নিয়ে তার কথা, তার সিনেমার কথা আর এখনকার সিনেমা নিয়ে তার আশা-ভরসার কথা। জানালেন, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো নির্মাতাদের কাছ থেকেই চলচ্চিত্র নির্মাণের অনুপ্রেরণা পেয়েছেন।
“ভারতীয় উপমহাদেশে সিনেমাকে নতুন আঙ্গিকে তুলে ধরার যে বিপ্লব, তার শুরুটা কিন্তু হয়েছিল এই বাংলা থেকেই। সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক- এঁদের প্রত্যেকেই তাদের নিজেস্ব ভঙ্গীতে বলে গেছেন তাদের গল্প। উপমহাদেশে যে স্বতন্ত্র কিন্তু গতানুগতিক সিনেমা বাণিজ্যিকভাবে সফল হয়- সেই আদল থেকে বেরিয়ে গিয়ে তারাই প্রথম পথ দেখান বিকল্প ধারার চলচ্চিত্রের। বলতে পারো, অনেকটা তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই হিন্দি সিনে জগতে নতুন কিছু করার স্বপ্ন দেখি আমি।”
শ্যাম বেনেগাল আরও বলেন, “আজ ৪১ বছর ধরে সিনেমা বানাই আমি, চোখের সামনেই দেখতে পাচ্ছি সেই পরিবর্তন, যেখানে বিকল্প ধারাটাই স্বতন্ত্র এক ধারা হয়ে দাঁড়িয়েছে। এই ধারাতেই সিনেমা বানিয়ে ইমতিয়াজ আলি, দিবাকর ব্যানার্জীদের মতো গুণী এবং তরুণ নির্মাতারা বাণিজ্যিকভাবেও সফল হচ্ছে।”
ক্যারিয়ারের শুরুতেই ‘আঙ্কুর’, ‘নিশান্ত’, ‘মান্থান’, ‘ভূমিকা’র মতো সিনেমা দিয়ে হিন্দি সিনেমায় এক নতুন ধারার সৃষ্টি করেন শ্যাম বেনেগাল। সমালোচক এবং দর্শক- দুই মহলেই বরাবরই গ্রহণযোগ্যতা পাওয়া এই নির্মাতা এর পর তৈরী করেছেন ‘কালইয়ুগ’, ‘জুনুন’, ‘সুরাজ কা সাতওয়া ঘোড়া’, ‘মাম্মো’, ‘সারদারি বেগাম’, ‘জুবেইদা’র মতো প্রশংসিত সিনেমা। অর্জন করেছেন দাদাসাহেব ফালকে আজীবন সম্মাননা।
চলমান আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে তার যোগদান উপলক্ষে শর্ট ফিল্ম ফোরামের পক্ষ থেকে শ্যাম বেনেগালকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে। রবিবার বিকেল চারটায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিথ থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
