২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন মিয়ার বেটা

আশির দশকের টিভি দর্শকরা কি কখনও ভুলতে পারবেন সংশপ্তক নাটকের ‌‌‌‌‌‌‌‌মিয়ার বেটাকে? খলিলউল্লাহ খান ছিলেন এমনই এক অভিনেতা যাকে ভোলা অসম্ভব। অভিজাত ব্যবসায়ী, আমলা, গ্রামীণ মোড়ল কিংবা দরিদ্র কৃষক-- যে কোনো চরিত্রেই মানিয়ে যেতেন। যে চরিত্রে অভিনয় করতেন সে চরিত্রকে যেন ধারণ করতেন আত্মায়। অভিনয়ে তাই ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শান্তা মারিয়া, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 04:30 PM

Updated : 13 Oct 2022, 12:53 PM

পুরনো খবর:

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২
খলিলের চিকিৎসায় ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
অভিনেতা খলিলের জীবনাবসান
খলিলের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি: প্রধানমন্ত্রী
অভিনেতা খলিল অসুস্থ
'এবার আমাদের দেওয়ার পালা'
খারাপদের পরিণতি চলচ্চিত্রে খারাপই দেখান: প্রধানমন্ত্রী

প্রায় ছয় দশক ধরে অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন তিনি। ‘প্রীত না জানে রীত’ ছবিতে নায়ক হিসেবে রূপালি পর্দায় যাত্রা শুরু হয় খলিলের। সে সময় উর্দু ও বাংলা ছবিতে ছিল সমান দর্শকপ্রিয়তা।‌ ‘প্রীত না জানে রীত’ ছাড়াও ‘পুনম কি রাত’, ‘ক্যায়সে কঁহু’সহ বেশ কয়েকটি উর্দু ছবিতে অভিনয় করেছেন তিনি।

প্রায় আটশ বাংলা ছবিতে অভিনয় করেছেন খলিল। ‘আলোর মিছিল’ সিনেমায় রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়া ব্যবসায়ী হিসেবে অনবদ্য অভিনয় করেন খলিল। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘ভাওয়াল সন্ন্যাসী’, ‘ওয়াদা’, ‘বিনি সুতার মালা’, ‘আগুন’, ‘পাগলা রাজা’, ‘বউ কথা কও’, ‘মিন্টু আমার নাম’, ‘মাটির ঘর’, ‘নদের চাঁদ’, ‘মাটির ঘর’, ‘ফকির মজনু শাহ', ‘বেঈমান’, ‘অশান্ত ঢেউ’ উল্লেখযোগ্য। তিনি ‘বেগানা’ সিনেমায় প্রথম খলচরিত্রে অভিনয় করেন। এরপর বহু সিনেমায় তাকে খলচরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

তিনি অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন। বাংলাদেশ টেলিভিশনের শুরু থেকেই এর সঙ্গে জড়িত ছিলেন তিনি। শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় টিভি নাটক ‘সংশপ্তক’-এ ক্ষয়িষ্ণু সামন্ততন্ত্রের প্রতীক ‘মিয়ার বেটা’ চরিত্রে অনবদ্য অভিনয় করেন খলিল। তার উচ্চারিত “টাকা আমার চাই, নাহলে জমি” সংলাপটি সে সময় টিভি দর্শকদের মুখে মুখে ফিরতো।

২০১২ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান।

তার জন্ম ১৯৩৪ সালের ১লা ফেব্রুয়ারি, সিলেটে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ছিলেন। ১৯৬৫ সালে ‌‘ভাওয়াল সন্ন্যাসী’ নামের সিনেমাটি পরিচালনা করেন। প্রযোজনা করেছেন ‌‘সিপাহী’ এবং ‘এই ঘর এই সংসার’ নামে দুটি ছবি।

বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন তিনি। ২২শে নভেম্বর আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। রোববার চলে গেলেন না ফেরার দেশে।

খলিলউল্লাহ খান এক পরিপূর্ণ শিল্পীর জীবন যাপন করে গেছেন। সর্বোপরি পেয়েছেন দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে তার নাম লেখা থাকবে চিরদিন। আর তিনি বেঁচে থাকবেন দর্শকের হৃদয়ে।